জোড়া শতকে সহজ জয় ওয়েস্ট ইন্ডিজের
জনসন চার্লস ও ড্যারেন ব্রাভোর শতকের ওপরে ভর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে সহজেই ১৫৬ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
রোববার একই ভেন্যু গ্রেনাডার সেন্ট জর্জেসে দ্বিতীয় ওয়ানডে হবে।
টস হেরে ব্যাট করতে নেমে কাইরন পাওয়েলের (৭৯) সঙ্গে চার্লসের ১৬৮ রানের উদ্বোধনী জুটি বিশাল সংগ্রহের (৩৩৭/৪) ভিত গড়ে দেয় ক্যারিবীয়দের।
১১১ বলে ১৩০ রান করেন চার্লস। একাদশ ওয়ানডে খেলতে নেমে দ্বিতীয় শতকের দেখা পাওয়া চার্লসের ব্যাট থেকে আসে ১৩০ রান। ১১১ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ১২টি চার ও ৪টি ছক্কায়।
দলীয় ২৪৮ রানে চার্লসের বিদায়ের পর শুরু হয় ড্যারেন ব্রাভোর তাণ্ডব। ৯টি চার ও ৪টি ছক্কায় মাত্র ৭১ বলে ১০০ রান করে অপরাজিত থেকে যান তিনি। এটি তার চতুর্থ শতক।
জবাবে ৩৪ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ে জয়ের বিন্দুমাত্র সম্ভাবনা তৈরি করতে পারেনি।
পঞ্চম উইকেটে ক্রেইগ আর্ভিন (৪১) ও ম্যালকম ওয়ালার (৫১) ৫৮ রানের জুটি গড়ে হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছেন।
২৮ রানে ৩ উইকেট নিয়ে সুনীল নারাইন স্বাগতিকদের সেরা বোলার।
তিনটি ওয়ানডে ছাড়াও এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি করে টেস্ট এবং টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৩৭/৪ (চার্লস ১৩০, পাওয়েল ৭৯, ড্যারেন ব্রাভো ১০০*, রাসেল ৪, ডোয়াইন ব্রাভো ৯, সারওয়ান ৭*; এমপোফু ২/৮৩, মুশাংউই ১/৫৬, জার্ভিস ১/৬৫)
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ১৮১/৯ (সিবান্দা ১২, চিবাবা ৬, মাসাকাদজা ৪, টেইলর ৮, আর্ভিন ৪১, ওয়ালার ৫১, চাকাবভা ৪, উতসেইয়া ১৮*, জার্ভিস ১, মুশাংউই ১৪, এমপোফু ০*; নারাইন ৩/২৮, রাসেল ২/২৪, ডোয়াইন ব্রাভো ২/৩০, রোচ ১/১৫, বেস্ট ১/৩৮)
ম্যাচ সেরা: জনসন চার্লস
