২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না সাকিবের

অস্ত্রোপচার হলে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ এই অলরাউন্ডারকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 09:02 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

প্রধান নির্বাচক আকরাম খান বলেছেন, “অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়ায় শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না সাকিব আল হাসানের। আশাকরি শ্রীলঙ্কা সফরের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তিনি।”

এর আগে চোটের কারণে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও খেলা হয় নি এই বাঁহাতি অলরাউন্ডারের।

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্কট বার্নের পরামর্শ নিতে গত বুধবার রাতে দেশ ছাড়েন সাকিব। শুক্রবার সিডনিতে পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট দেখে ডা. বার্ন অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কবে অস্ত্রোপচার হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে সোমবার। বৃহস্পতিবারের মধ্যে অস্ত্রোপচার করাতে চাই আমরা।”

“ডা, বার্ন আমাকে বলেছেন, পুরোপুরি সুস্থ হতে সাকিবের অস্ত্রোপচার প্রয়োজন। শিন বোনের চোটের কারণে সাকিব তিন ধরনের সমস্যায় ভুগছেন। এর একটি থেকে পুরোপুরি সেরে উঠতে তার অস্ত্রোপচার লাগবেই,” যোগ করেন তিনি।

তিনি আরো বলেন, “বোর্ড সভাপতি নাজমুল হাসানকে বিষয়টি আমি জানিয়েছি। বার্নের পরামর্শ অনুযায়ী সাকিবের অস্ত্রোপচারের করানোর কথা বলেছেন তিনি। সাকিবের সঙ্গেও আমার কথা হয়েছে। বিষয়টির স্থায়ী সমাধানে তিনিও অস্ত্রোপচার করাতে চান। অস্ত্রোপচারের পর তাকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।”

অন্য দুটি সমস্যা সমাধানের জন্য শনিবার বায়োমেকানিক্যাল পরীক্ষা হবে বলে জানিয়েছেন ডা. দেবাশীষ।

তিনি বলেন, “আমাদের এবং ডা. বার্নের পর‌্যবেক্ষনে কোনো পার্থক্য নেই। সাকিবের চোট ব্যবস্থপনা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রতিটি সিরিজের আগে তাকে নিয়ে অনিশ্চয়তার চেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠাই সবচেয়ে ভালো।”

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ২৮ ফেব্রুয়ারি দেশ ছাড়বে মুশফিক বাহিনী।