চেন্নাইয়ে ক্লার্ক বনাম অশ্বিন লড়াই
মাইকেল ক্লার্ক ১০৩ রানে অপরাজিত, রবিচন্দ্রন অশ্বিনের শিকার ৬ উইকেট। চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিনটি ছিল এই দুজনের নৈপুণ্যে ভাস্বর। তবে অধিনায়কের আরেকটি দুর্দান্ত ইনিংসের সুবাদে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে একটু বেশিই স্বস্তিতে।
চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ৫৯ রানের পরও অফস্পিনার অশ্বিনের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
অতিথিদের সেই বিপদ থেকে উদ্ধার করেন ক্লার্ক ও অভিষিক্ত মোইজেস হেনরিক্স। ষষ্ঠ উইকেটে ১৫১ রানের জুটি গড়েন দুজনে।
৬৮ রান করা হেনরিক্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটিটা ভাঙ্গেন অশ্বিন। তবে ক্লার্ককে কেউ ফেরাতে পারেননি।
রবীন্দ্র জাদেজার করা দিনের শেষ ওভারের পঞ্চম বলকে মিড-অফ দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে ২৩তম শতকের আনন্দে মেতে ওঠেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। শুক্রবার টেস্টে ৭ হাজার রানের মাইল ফলকও স্পর্শ করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩১৬/৭ (কাওয়ান ২৯, ওয়ার্নার ৫৯, হিউজ ৬, ওয়াটসন ২৮, ক্লার্ক ১০৩*, ওয়েড ১২, হেনরিক্স ৬৮, স্টার্ক ৩, সিডল ১*; অশ্বিন ৬/৮৮, জাদেজা ১/৫৬)
