বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই জয়াবর্ধনে
চোটের কারণে আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে।
শুক্রবার ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতের আঙুলে ব্যথা পান শ্রীলঙ্কার সদ্য সাবেক অধিনায়ক।
শ্রীলঙ্কা দলের ব্যবস্থাপক মাইকেল ডি জয়সা জানান, “প্রাথমিক স্ক্যানে দেখা যায়, আঙুলের হাড় নড়ে গেছে। তবে আরো বিশদ জানার জন্য স্ক্যানের রিপোর্ট অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। অস্ট্রেলিয়া থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য মাহেলাকে (জয়াবর্ধনে) অস্ত্রোপচার করাতে হবে।”
