২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে নেই স্যামি, গেইল

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য অধিনায়ক ড্যারেন স্যামি ও ব্যাটসম্যান ক্রিস গেইলকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

এছাড়াও বাদ পড়েছেন অস্ট্রেলিয়া সফরে দলে থাকা উইকেটরক্ষক ডেভন টমাস ও পেসার জেসন হোল্ডার।

ওয়ানডে তিনটি হবে ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি। অতিথি জিম্বাবুয়ের বিপক্ষেও দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টিও খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) এক বিবৃতিতে জানানো হয়, “গত দুই বছর ধরে জাতীয় দলের সব ম্যাচে খেলা স্যামিকে বিশ্রাম দেয়া হয়েছে। গেইলকেও এই দুই ম্যাচ না খেলার পরামর্শ দেয়া হয়েছে।”

সোমবার ঘোষিত ১৩ সদস্যের ওয়ানডে দলে প্রায় ছয় মাস পর ফিরেছেন উইকেটরক্ষক দিনেশ রামদিন ও স্পিনার ভিরাসামি পারমল। স্যামির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

প্রথম দুই ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, টিনো বেস্ট, জনসন চার্লস, নরসিং দিওনারায়ণ, সুনীল নারায়ণ, ভিরাসামি পারমল, কাইরন পোলার্ড, কাইরন পাওয়েল, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, রামনরেশ সারওয়ান