নিউজিল্যান্ড-ইংল্যান্ড প্রথম ওয়ানডে রোববার
টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে রোববার হ্যামিল্টনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।
টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হলেও নিউজিল্যান্ডকে অনু্প্রাণিত করছে গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি।
ঐ সাফল্য মনে করিয়ে দিয়ে অতিথিদের বিপক্ষে শিষ্যদের উজ্জীবিত করার চেষ্টা করছেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন।
তিনি বলেন, “কয়েক দিন আগে আমরা দক্ষিণ আফ্রিকা থেকে একটা সিরিজ জিতে ফিরেছি। সেই সঙ্গে রস টেইলরের প্রত্যাবর্তন আমাদের শক্তি অনেকখানি বাড়িয়ে দিয়েছে।”
হ্যামিল্টনে নিউজিল্যান্ডের সাফল্যের হারও ভালো। এখানে আগের ১৫টি ওয়ানডের ১০টিতেই জিতেছে তারা। হেরেছে চারটি, অন্যটি পরিত্যক্ত।
দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২০ ও ২৩ ফেব্রুয়ারি, নেপিয়ার ও অকল্যান্ডে।
