২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফাইনালে ওঠার লড়াইয়ে’ ঢাকার প্রতিপক্ষ সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের প্রথম খেলায় খুলনা রয়েল বেঙ্গলসকে সহজেই ৬১ রানে হারিয়েছে সিলেট রয়্যালস। এর আগে প্রথম দেখায়ও ৬ উইকেটে জেতে সিলেট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 09:47 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

১১ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে ঢাকার চেয়ে পিছিয়ে দুই নম্বরে রয়েছে সিলেট। শুক্রবার অনুষ্ঠেয় ‘রেইস টু ফাইনাল’ এ খেলবে এই দুই শীর্ষ দল।

অন্য দিকে প্রথম আসরের সেমিফাইনালিস্ট খুলনা টুর্নামেন্ট শেষ করল ৬ পয়েন্ট নিয়ে তলানিতে থেকেই।

নিজেদের সর্বশেষ ম্যাচে চট্টগ্রামের কাছে টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানে হারের (১১৯ রান) লজ্জায় পড়া সিলেট নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম, শিবনারায়ণ চন্দরপল ও ডার্ক ন্যানেসকে পেয়ে ফিরেছে স্বরূপে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৬ রান করে সিলেট। জবাবে ৭ উইকেটে ১৩৫ রানেই থেমে যায় খুলনার ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানেই প্রথম চার ব্যাটসম্যান সাজঘরের পথ ধরায় শুরুতেই পিছিয়ে পড়ে খুলনা। পঞ্চম উইকেটে রিকি ওয়েসেলসের সঙ্গে মোহাম্মদ মিঠুন ৮৪ রানের জুটি গড়লেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

উনিশতম ওভারের প্রথম বলে দলীয় ১১৫ রানে পঞ্চম ব্যাটসম্যান বিদায় নেয়ার আগে ৬০ রান করেন মিঠুন। তার ৪৭ বলের ইনিংসে ৪টি ছক্কা ও ৩টি চার। ২৬ রানে অপরাজিত থাকেন ওয়েসেলস।

২৮ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার মোহাম্মদ নবী।

এর আগে ব্যাট করতে নেমে চন্দরপলের সঙ্গে ম্যাচ সেরা পল স্টার্লিংয়ের ১৩৪ রানের উদ্বোধনী জুটি সিলেটকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৩৯ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৬ রান করা স্টার্লিংয়ের বিদায়ে ভাঙ্গে ১৩ ওভার ৫ বল স্থায়ী উদ্বোধনী জুটি।

কৃষমার সান্তোকির বলে স্টার্লিংয়ের বিদায়ের পর বেশিক্ষণ টেকেন নি চন্দরপলও। ৫১ বলে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ রান করা চন্দরপলের ৬৬ রানের ইনিংস থামে নুর হোসেনের বলে সান্তোকির ক্যাচে পরিণত হয়ে।

এরপর মুশফিক দ্রুত বিদায় নিলে নাজমুল মিলন ও এল্টন চিগুম্বুরার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুশর কাছাকাছি স্কোর গড়ে সিলেট। চিগুম্বুরার (৯ বলে অপরাজিত ১৫) সঙ্গে ২৩ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া মিলন অপরাজিত থাকেন ৩৬ রানে। তার ১৪ বলের ইনিংসে ৫টি ছক্কা।