২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের শতকে ঢাকার জয়

মোহাম্মদ আশরাফুলের অপরাজিত শতকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবারের প্রথম ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। দুই দলের প্রথম দেখায়ও ঢাকা জেতে ৬২ রানে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

এই জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ‘রেইস টু ফাইনালে’ খেলবে তারা।

দশ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই ঢাকা। এগারো খেলায় ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে খুলনা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে ১৯ ওভার ২ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

লক্ষ্য তাড়া করতে নেমে এক প্রান্তে আশরাফুল অবিচল থাকলেও এক সময়ে ঢাকার স্কোর দাঁড়ায় ৪৫/৩। তিনি ছাড়া দলের প্রথম চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেন নি।

চতুর্থ উইকেটে জশুয়া কবের সঙ্গে আশরাফুলের ৬১ রানের জুটি ঢাকাকে লড়াইয়ে ফেরায়। ২০ বলে ৩১ রান করে কবের বিদায়ের পর ড্যারেন স্টিভেন্সকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন তিনি।

পঞ্চম উইকেটে ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে ১০৩ রানে অপরাজিত থাকেন আশরাফুল। চলতি আসরে এটি দ্বিতীয় শতক। এর আগে শতক করেন খুলনার উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।

চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া আশরাফুল সেই ম্যাচে শ্লথ ব্যাটিংয়ের জন্য সমালোচিত হয়েছিলেন। এবার মাশরাফির অনুপস্থিতিতে দ্বিতীয়বার দলকে নেতৃত্ব নেমে আশরাফুলের অন্য চেহারা। তার ৫৮ বলের ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কা।

৪ বল হাতে রেখে পাওয়া জয়ে স্টিভেন্সেরও বড় অবদান। ৩৬ রানে অপরাজিত থাকা স্টিভেন্সের ২১ বলের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা।

এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই মোহাম্মদ মিঠুনের (০) বিদায়ে খুলনার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই ছন্দে থাকা নাফীসের (৩) বিদায় দলকে বেশ চাপে ফেলে দেয়।

তৃতীয় উইকেটে জিহান মুবারকের সঙ্গে ট্র্যাভিস বার্টের ১২০ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে খুলনাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। অর্ধশতকে পৌঁছানোর পর মুবারক সাকিব আল হাসানের শিকারে পরণত হলে ভাঙ্গে ১২ ওভার ২ বল স্থায়ী জুটি।

৬৫ রান করা মুবারকের ৪৩ বলের ইনিংসে ৬টি চার ও দুটি ছক্কা। তার বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে বার্টকে। অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারালেও বার্টের অপরাজিত ৯৫ রানের সৌজন্যে বড় সংগ্রহ দাঁড় করায় খুলনা। তার ৫৬ বলের ইনিংসটি ৬টি করে ছক্কা ও চার সমৃদ্ধ।

৩৪ রানে ৩ উইকেট নিয়ে ঢাকার সবচেয়ে সফল বোলার আলফানসো টমাস। সাকিব ২ উইকেট নেন ২৪ রানে।