২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মান বাঁচাল গভার্নিং কাউন্সিল

গভার্নিং কাউন্সিলের তৎপরতায় বড় ধরনের লজ্জা থেকে বেঁচে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 05:57 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শুক্রবারের প্রথম ম্যাচে বিপিএল গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আইএইচ মল্লিকের অনুরোধে খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে মাঠে নামে দুরন্ত রাজশাহীর ক্রিকেটাররা।

ম্যাচ চলাকালে স্টেডিয়ামের প্রেসবক্সে তিনি বলেন, “রাজশাহীর ক্রিকেটাররা মাঠে নামতে চাইছিল না। আমি আশ্বস্থ করার পর তারা মাঠে নামেন।”

“কোনো দলের ক্রিকেটারদের মাঠে নামার জন্য রাজি করানো তো আমার দায়িত্ব নয়। ফ্র্যাঞ্চাইজিকেই এই দায়িত্ব নিতে হবে,” যোগ করেন তিনি।

নির্ধারিত সময়ের বিশ মিনিট পর রাজশাহীর হয় টস করেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রাজশাহী জানায়, বিসিবিকে দ্বিতীয় কিস্তির ২৫ শতাংশ অর্থও পরিশোধ করেছেন তারা। এরপরও ক্রিকেটাররা মাঠে নামতে চায় নি কেন জানতে চাইলে মল্লিক বলেন, “রাজশাহীর দ্বিতীয় কিস্তির টাকা দেয়ার খবর সঠিক নয়। তারা ৫ তারিখ আমাদের প্রথম কিস্তির টাকা দিয়েছে।”

“বাংলাদেশ ব্যাংকের অনুমতি পাওয়ার পর মঙ্গলবারের ভেতরে বিদেশি ক্রিকেটারদের টাকা পরিশোধ করা হবে,” যোগ করেন তিনি।

এর ব্যাখ্যায় রাজশাহীর গণমাধ্যম ব্যবস্থাপক আহমেদ রাকিব বলেন, “আমরা পাঁচ তারিখ প্রথম পে অর্ডার জমা দিয়েছি। আজ (শুক্রবার) দ্বিতীয় দফার পে অর্ডার জমা দিয়েছি। স্থানীয়রা ৫০ শতাংশ টাকা পেয়ে গেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন বলে বিদেশিদের টাকা এখনো দেয়া যায় নি। সোমবার নাগাদ পঞ্চাশ শতাংশ টাকাই পেয়ে যেতে পারেন।”