ওয়াটসনের শতকে সিরিজ অস্ট্রেলিয়ার
শেন ওয়াটসনের শতকের সুবাদে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ৩-০ ব্যবধানে।
সাত মাস পর ওয়ানডেতে ফিরেই শতক করে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক শেন ওয়াটসন। বুধবার তৃতীয় ওয়ানডেতে ওয়াটসনের ১২২ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৩৯ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। পাঁচ ম্যাচের সিরিজে মাইকেল ক্লার্কের দল এখন ৩-০ ব্যবধানে এগিয়ে।
পায়ের পেশির চোটের কারণে এ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি ৩১ বছর বয়সী ওয়াটসন। তবে প্রথম বারের মতো ওয়ানডে আয়োজনের সুযোগ পাওয়া ক্যানবেরার মানুকা ওভালে এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারের ব্যাট শুরু থেকেই ছিল উন্মাতাল।
১১১ বলে ১২টি চার ও দুটি ছক্কায় ১২২ রান করা ওয়াটসনের সঙ্গে ফিল হিউজের ৮৬, জর্জ
বেইলির ৪৪ আর অ্যারন ফিঞ্চের ৩৮ অস্ট্রেলীয়দের এনে দেয় ৩২৯ রানের বিশাল সংগ্রহ।
জবাবে দুই ভাই ড্যারেন ব্রাভোর (৮৬) ও ডোয়াইন ব্রাভোর (৫১) অর্ধশতকের সঙ্গে কাইরন পাওয়েল (৪৭) ও আন্দ্রে রাসেলের (৪৩) লড়াইয়ের পরও ২৯০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
৪৮ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার জেমস ফকনার। চারটি উইকেটই বোল্ড থেকে।
নিয়ম রক্ষায় পরিণত হওয়া শেষ দুটো ম্যাচ হবে ৮ ও ১০ ফেব্রুয়ারি, সিডনি ও মেলবোর্নে। এরপর ১৩ ফেব্রুয়ারি ব্রিসবেনে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩২৯/৭ (ওয়াটসন ১২২, ফিঞ্চ ৩৮, হিউজ ৮৬, ক্লার্ক ১৫, বেইলি ৪৪, ম্যাক্সওয়েল ৪, ওয়েড ৪*, ফকনার ২, জনসন ৮*; স্যামি ২/৪৯, নারাইন ২/৫৫, পোলার্ড ১/৩৬, ডোয়াইন ব্রাভো ১/৩৯, রোচ ১/৭২)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৩ ওভারে ২৯০ (পাওয়েল ৪৭, টমাস ১৯, ড্যারেন ব্রাভো ৮৬, ডোয়াইন ব্রাভো ৫১, গেইল ২, পোলার্ড ৯, রাসেল ৪৩, সারওয়ান ১২, স্যামি ৮, নারাইন ১, রোচ ১*; ফকনার ৪/৪৮, ম্যাকে ২/৬২, ম্যাক্সওয়েল ১/৪৪, স্টার্ক ১/৫০, জনসন ১/৫৯)
ম্যাচ সেরা: শেন ওয়াটসন
