সিলেটকে হারিয়ে রাজশাহীর প্রতিশোধ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের প্রথম খেলায় সিলেট রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে দুরন্ত রাজশাহী। এর আগে দুই দলের প্রথম দেখায় ৪ উইকেটে হেরেছিল রাজশাহী।
নয় খেলায় দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে রাজশাহী অবস্থান আরো সুসংহত করেছে। অন্য দিকে এই হারের পরও আট খেলায় ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই সিলেট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৭ রান করে সিলেট। জবাবে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।
লক্ষ্য তাড়া করতে নেমে দিলশান মুনাবিরার ১৬ বলে ২১ ও চার্লস কভেন্ট্রির ১৭ বলে ২০ রানের পরও ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় রাজশাহী।
ফিল্ডিংয়ের সময় বাঁহাতে চোট পাওয়ায় তামিম ইকবাল ব্যাট করতে না পারায় রাজশাহীর বিপদ আরো বাড়ে। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকে দারুণ ছন্দে থাকা জহুরুল ইসলাম দলকে শেষ পর্যন্ত সহজ জয় এনে দেন।
পঞ্চম উইকেটে জিয়াউর রহমানের (১৯) সঙ্গে ৪৮ ও ষষ্ঠ উইকেটে মুক্তার আলীর সঙ্গে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি গড়ে সিলেটকে দ্বিতীয় হারের তিক্ত স্বাদ উপহার দেন জহুরুল (অপরাজিত ৪৯)। তার ৩৭ বলের ইনিংসে দুটি করে ছক্কা ও চার।
দুই বল হাতে রেখে পাওয়া জয়ে মুক্তারের অবদানও কম নয়। ১৭ বলে খেলা তার ২৬ রানের অপরাজিত ইনিংসে দুটি ছক্কা ও একটি চার।
সিলেটের পক্ষে ডোয়াইন স্মিথ ২৫ রানে ২ উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই পল স্টারলিংয়ের (৬) বিদায়ে সিলেটের শুরুটা ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে স্মিথের (২১) সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের ৪৯ রানের জুটি স্বস্তি ফেরায় সিলেট শিবিরে।
৫৮ রানে স্মিথের বিদায়ের পর মমিনুল হক (১০) ও মুশফিকও (৩৪) সাজঘরের পথ ধরলে অস্বস্তিতে পড়ে সিলেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মোহাম্মদ নবীর ১৮, নাজমুল মিলনের ১৭ ও সোহরাওয়ার্দী শুভর অপরাজিত ১৮ রানের সুবাদে দেড়শর কাছাকাছি যায় তারা।
রাজশাহীর পক্ষে মুনাবিরা ও মনির হোসেন দুটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা জহুরুল বলেন, “অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর চাপ একটু কমেছে। আগে ম্যাচ শেষ করে আসার চাপ ছিল। এখন ততটা চাপ নিয়ে খেলতে হয় না।”
“মুক্তার আলীর সঙ্গে আগেও খেলেছি। তার সামর্থ্য সম্পর্কে আমি জানি। তার ওপর আমার বিশ্বাস ছিল। শেষ দিকে আমি যা করতে পারতাম না তা করার সামর্থ্য তার ছিল। এ কারণে শেষ দিকে তাকে স্ট্রাইক বেশি দিয়েছি,” মুক্তার আলীর প্রশংসা করে বলে জহুরুল।
সিলেটের সোহরাওয়ার্দী শুভ হারের জন্য বাজে ফিল্ডিংকেই দায়ী করেন। তিনি বলেন, “আমাদের ফিল্ডিং ভালো হয় নি। বেশ কয়েকটা ক্যাচ ছেড়েছি, অনেকগুলো রান আউটের সুযোগ হাতছাড়া হয়েছে। এগুলোই ব্যবধান গড়ে দিয়েছে। ব্যাটিংয়েও ১০/১৫ রান কম করেছি।”
