স্টেইনের তোপে বিধ্বস্ত পাকিস্তান
ডেল স্টেইনের টেস্ট-জীবনের সেরা বোলিং জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ২১১ রানের সহজ জয় এনে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ৫ এবং ম্যাচে ৬০ রানে ১১ উইকেট নিয়ে স্বাগতিকদের জয়ের নায়ক স্টেইন। ম্যাচ সেরাও তিনি।
রেকর্ড ভরা এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক এবি ডি ভিলিয়ার্সও ১১টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করেছেন। ১৯৯৫ সালে একই মাঠে ইংল্যান্ডের জ্যাক রাসেল প্রথম এই কীর্তি গড়েছিলেন।
৪৮০ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান সোমবার চতুর্থ দিন মধ্যাহ্ন-বিরতির ঠিক আগে ২৬৮ রানে অলআউট হয়ে যায়।
দ্বিতীয় নতুন বল হাতে পেয়ে উজ্জীবিত স্টেইন ও তার সতীর্থরা ৫৯ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে মধুর জয় উপহার দেন প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শততম বারের মতো অধিনায়কত্বের কীর্তি গড়া গ্রায়েম স্মিথকে।
কেপটাউনে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় ও শেষ টেস্ট সেঞ্চুরিয়নে, ২২ ফেব্রুয়ারি থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৫৩ (ক্যালিস ৫০, দু প্লেসি ৪১; হাফিজ ৪/১৬) ও ২৭৫/৩ ডিক্লে. (পিটারসেন ২৭, স্মিথ ৫২, আমলা ৭৪*, ক্যালিস ৭, ডি ভিলিয়ার্স ১০৩*; গুল ২/৫৮, আজমল ১/৭৪)
পাকিস্তান: ৪৯ (আজহার ১৩, মিসবাহ ১২; স্টেইন ৬/৮, ক্যালিস ২/১১, ফিল্যান্ডার ২/১৬) ও ২৬৮ (হাফিজ ২, জামশেদ ৪৬, আজহার ১৮, ইউনুস ১৫, মিসবাহ ৬৪, শফিক ৫৬, সরফরাজ ৬, গুল ২৩, আজমল ১১, জুনায়েদ ৯, রাহাত ৩*; স্টেইন ৫/৫২, ফিল্যান্ডার ২/৬০, মরকেল ২/৮৯, ক্যালিস ১/৩৫)
ম্যাচ সেরা: ডেল স্টেইন
