২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল উপভোগ করছেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর তেমন উপভোগ করেননি। তবে এবারের বিপিএলকে উপভোগ্য বলে মনে হচ্ছে দুরন্ত রাজশাহীর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 04:58 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার তামিমের ৩৬ বলে ৫০ রানের আক্রমণাত্মক ইনিংসের সুবাদে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে দুরন্ত রাজশাহী।

খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ম্যাচ সেরা তামিম বলেন, “বিপিএলের প্রথম আসর আমি একদমই উপভোগ করতে পারিনি। এবার উপভোগ করার চেষ্টা করছি। খেলা উপভোগ করলে রান করা সহজ হয়। না করলে হয় ঠিক তার উল্টো।”

টুর্নামেন্টে তার তৃতীয় অর্ধশতকে চতুর্থ জয় পেয়ে রাজশাহীর সেমিফাইনালের স্বপ্ন এখন উজ্জ্বল। তামিম নিজে অবশ্য এই জয়কে সম্মিলিত প্রচেষ্টায় পাওয়া বলেই মনে করেন।

তিনি বলেন, “এটা দলগত প্রচেষ্টার জয়। আমার ইনিংসটাও গুরুত্বপূর্ণ ছিল। চার্লস কভেন্ট্রির সঙ্গে আমার ৯৫ রানের উদ্বোধনী জুটিটা ভালো ছিল। আমরা আউট হওয়ার পর অমি ভাই (জহুরুল ইসলাম), শন আর্ভিনরা ভালো ব্যাট করে দলকে জয় এনে দিয়েছে।”

“আমাদের এখন যা অবস্থা তাতে সেমিফাইনালে উঠতে হলে প্রায় সব ম্যাচই জিততে হবে। শুরুতে না পেলেও গত দুই ম্যাচে আমরা সঠিক সমন্বয় খুঁজে পেয়েছি,” যোগ করেন তামিম।

৭ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে যাওয়া রংপুর রাইডার্সের সহ-অধিনায়ক নাসির হোসেন সেমিফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “এখনো আমাদের চারটি ম্যাচ (আসলে পাঁচটি) বাকি আছে। এখন থেকে সব ম্যাচেই আমাদের জিততে হবে।”

১৬৩ রান করে হেরে যাওয়ার পর বোলারদের নয়, ব্যাটসম্যানদেরই দুষলেন ২৬৮ রান নিয়ে আপাতত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাসির। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ১৫/২০ রান কম করেছি। ১৭০/১৮০ রান করতে পারলে ভালো লড়াই করতে পারতাম।”