২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার্ক, বেইলির নৈপুণ্যে অস্ট্রেলিয়ার জয়

মিচেল স্টার্কের টানা দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট শিকার এবং জর্জ বেইলির প্রথম আন্তর্জাতিক শতক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫৪ রানের সহজ জয় এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Feb 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া স্বাগতিকরা বুধবার ক্যানবেরায় তৃতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি হবে ক্যারিবীয়দের।

পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল।

ঐ বিপদ থেকে দলকে উদ্ধার করেন বেইলি ও জেমস ফকনার (৩৯), সপ্তম উইকেটে ১২৩ বলে ঠিক ১০০ রানের জুটি গড়ে।

৪৯তম ওভারের শেষ বলে কেমার রোচকে লং-অনের ওপর দিয়ে ছক্কা মেরে শতকে পৌঁছানো বেইলি শেষ ওভারে ডোয়াইন ব্রাভোর ওপরে রীতিমতো ঝড় বইয়ে দেন। বেইলির তাণ্ডবে ঐ ওভার থেকে তিনটি ছক্কা ও একটি চারে অস্ট্রেলিয়ার প্রাপ্তি ২৫ রান।

১১০ বলে ১২৫ রানে অপরাজিত বেইলির দারুণ ইনিংসটা সাজানো ১০টি চার ও ৪টি ছক্কায়।

শুক্রবার পার্থেই মাত্র ৭০ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ যথারীতি শুরু থেকে ধুঁকতে শুরু করে। তবে ৩৩ রানে ৩ উইকেট হারানো অতিথিদের স্বপ্ন দেখাচ্ছিলেন কাইরন পাওয়েল (৮৩) ও ডোয়াইন ব্রাভো (৪৫)।

কিন্তু চতুর্থ উইকেটে ১২৬ রানের জুটি গড়ে দশ বলের ব্যবধানে দুজনে বিদায় নেয়ার সঙ্গে-সঙ্গে অতিথিদের জয়ের আশাও শেষ হয়ে যায়।

৩৭তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে টানা চারটি ছক্কা মেরে উত্তেজনার জন্ম দিলেও ঐ ওভারের শেষ বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন সুনীল নারাইন।

৩২ রানে ৫ উইকেট নিয়ে আবারো ক্যারিবীয়দের প্রধান ‘হন্তারক’ বাঁহাতি পেসার স্টার্ক।

তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে বেইলির হাতে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৬৬/৭ (ফিঞ্চ ১১, খাজা ৩, হিউজ ২১, ক্লার্ক ১৬, বেইলি ১২৫*, ওয়েড ১৬, ম্যাক্সওয়েল ০, ফকনার ৩৯, জনসন ১৬*; স্যামি ৩/৪৮, নারাইন ১/৩৪, রোচ ১/৫১, হোল্ডার ১/৫৬, ডোয়াইন ব্রাভো ১/৬৭)

ওয়েস্ট ইন্ডিজ: ৩৮.১ ওভারে ২১২ (গেইল ৪, পাওয়েল ৮৩, সারওয়ান ০, ড্যারেন ব্রাভো ১৪, ডোয়াইন ব্রাভো ৪৫, পোলার্ড ১, টমাস ০, স্যামি ৮, হোল্ডার ৯, নারাইন ২৪, রোচ ০*; স্টার্ক ৫/৩২, ম্যাক্সওয়েল ৪/৬৩)

ম্যাচ সেরা: জর্জ বেইলি