দক্ষিণ আফ্রিকা ২৫৩ রানে অলআউট
শেষ সেশনে ৬ উইকেট তুলে নিয়ে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২৫৩ রানে শেষ করে দিয়েছে পাকিস্তান। দিন শেষে অতিথিদের সংগ্রহ বিনা উইকেটে ৬ রান।
শুক্রবার ছিল গ্রায়েম স্মিথের জীবনের বিশেষ এক দিন। এদিন ৩২ বছর পূর্ণ করেছেন তিনি, গড়েছেন প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শততম ম্যাচে নেতৃত্ব দেয়ার কীর্তি। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে দিনটা ভালোভাবে শুরুও করেছিলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক।
কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষটা ভালো হয়নি। দক্ষিণ আফ্রিকার দুর্ভাগ্য, প্রথম ৭ ব্যাটসম্যান বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগিয়ে আউট হয়ে গেছেন।
সবচেয়ে অভিজ্ঞ জ্যাক ক্যালিস অর্ধশতক করার পর-পরই ফিরে এসেছেন। দ্বিতীয় সরোচ্চ ৪১ রান ফাফ দু প্লেসির। স্মিথ করেছেন ২৪ রান।
এক সময় ৪ উইকেটে ১৯৯ রানের স্বস্তিকর জায়গায় দাঁড়িয়ে স্বাগতিকদের হুড়মুড় করে ভেঙ্গে পড়ার কারণ মোহাম্মদ হাফিজ। অফস্পিনে ১৬ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের জন্য দিনটা সফল করে তোলার কৃতিত্ব তারই।
দুটি করে উইকেট নেন দুই নতুন বলের বোলার উমর গুল ও জুনায়েদ খান।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৫৩ (স্মিথ ২৪, আলভিরো পিটারসেন ২০, আমলা ৩৭, ক্যালিস ৫০, ডি ভিলিয়ার্স ৩১, দু প্লেসি ৪১, এলগার ২৭, রবিন পিটারসন ০, ফিল্যান্ডার ১, স্টেইন ১২*, মরকেল ০; হাফিজ ৪/১৬, জুনায়েদ ২/৩৩, গুল ২/৫৬, ইউনুস ১/১৬)
পাকিস্তান প্রথম ইনিংস: ৬/০ (হাফিজ ৬*, জামশেদ ০*)
