রংপুর রাইডার্সের বিরুদ্ধে মামলা খুলনা রয়েলের মালিকের
বিপিএলের নতুন দল রংপুর রাইডার্সের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছেন খুলনা রয়েল বেঙ্গলসের মালিক ওরিয়ন স্পোর্টসের চেয়ারম্যান ওবায়দুল করিম।
মামলায় বিবাদী করা হয়েছে রংপুরের মালিকানা প্রতিষ্ঠান আই স্পোর্টস লিমিটেড এবং এর পরিচালক মুস্তফা রফিকুল ইসলামকে।
আরজিতে বলা হয়, খুলনা রয়েল বেঙ্গলসের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের মিথ্যা, ভিত্তিহীন প্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে রংপুর রাইডার্স।
“এর ফলে খুলনা রয়েলের যারা খেলোয়াড় আছেন (দেশী ও বিদেশি), তাদের সম্মান নষ্ট হয়েছে, যে কারণে রংপুর রাইডার্সের মালিকানা প্রতিষ্ঠান আই স্পোর্টস লিমিটেডকে একশ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে।”
গত ২৭ জানুয়ারি দৈনিক মানবজমিন পত্রিকায় ‘স্পট ফিক্সিংয়ের অভিযোগ রংপুর রাইডার্সেও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, যাতে মুস্তফা রফিকুল ইসলামকে উদ্ধৃত করা হয়েছে।
গত ২৫ জানুয়ারি রংপুর রাইডার্সকে ৯ রানে পরাজিত করে খুলনা রয়েল বেঙ্গলস। তবে বুধবারের খেলায় জিতেছে রংপুর।
