স্টেডিয়ামেই রাত কাটালো পাকিস্তান
নিরাপত্তাজনিত কারণে কটকের বারাবতি স্টেডিয়ামেই রাত কাটালো আইসিসি মহিলা বিশ্বকাপে আসা পাকিস্তান দল।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া আট জাতি এ টুর্নামেন্টে অংশ নিতে আসা পুরো পাকিস্তান মহিলা দলই সোমবার অনুশীলন শেষে স্টেডিয়ামের একটি ক্লাব হাউসে রাত কাটায়।
আর শুধু সোমবার নয় এ টূর্নামেন্টের বাকী সময়টাতে সেখানেই থাকবেন তারা।
বিশ্ব সংস্থাটির এক মুখপাত্র কটক থেকে বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আইসিসি সব বিকল্প এবং দলের নিরাপত্তা বিবেচনা করে বারাবাতি স্টেডিয়ামের ক্লাব হাউসকেই বেছে নিয়েছে।”
উড়িষ্যা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওসিএ) এর আগে ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে জানায়, পাকিস্তান দলের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
মহিলা বিশ্বকাপের সবগুলো ম্যাচই প্রথমে মুম্বাইতে হওয়ার কথা ছিল।
কিন্তু শিব সেনাসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিবাদের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড ‘বি’ গ্রুপের (এই গ্রুপেই পড়েছে পাকিস্তান) সবগুলো খেলা কটকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
কটকের বারাবতি স্টেডিয়াম ও ডিআরআইইএমএস গ্রাউন্ডে গ্রুপ পর্যায়ের এ খেলাগুলো হবে।
বিশ্বকাপের আগে সোমবার বারাবতি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছিলো পাকিস্তান দল। প্রায় চার ঘণ্টা অনুশীলন করে তারা। এ সময় খাকি পোশাক পরিহিত প্রায় ১৫০০ জন নিরাপত্তা কর্মী পুরো স্টেডিয়াম ঘিরে রেখেছিলো।
যদিও স্টেডিয়ামের বাইরে ‘পাকিস্তানি খেলোয়াড়রা ফিরে যাও’ লেখা প্লাকার্ড নিয়ে বেশকয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। দ্রুত তাদের আটক করে পুলিশ।
কটকের নিরাপত্তা ব্যবস্থায় পাকিস্তান দলের ব্যাবস্থাপক আয়েশা আসহার সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।
বারাবতিতে অনুশীলন শেষে আয়েশা সাংবাদিকদের বলেন, “বারাবতি স্টেডিয়াম এবং এর আয়োজন অনেকটা পাকিস্তানের মতই। আয়োজকরা আমাদের যে সুযোগ সুবিধা দিচ্ছে তাতে আমরা খুশি।”
সুপার সিক্স এর কয়েকটি ম্যাচও কটকে হওয়ার কথা রয়েছে।
