২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়া ম্যাচে রাজশাহীর জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবারের দ্বিতীয় ম্যাচে বরিশাল বার্নার্সকে ৪ রানে হারিয়ে জয়ে ফিরেছে দুরন্ত রাজশাহী।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

পাঁচ খেলায় এটি রাজশাহীর দ্বিতীয় জয়। সমান খেলায় বরিশালের চতুর্থ হার।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২১৩ রান করে রাজশাহী। বিপিএলে এটিই সর্বোচ্চ রান। এর আগে প্রথম আসরে বরিশালের বিপক্ষেই ৫ উইকেটে ২০৮ রান করেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। জবাবে ৭ উইকেটে ২০৯ রানেই থেমে যায় বরিশালের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ব্র্যাড হজ (১৬ বলে ২৩), সাব্বির রহমান (১৩ বলে ২৮) ও ডেনলি জোসেফ লিয়ামের (২১ বলে ৩১) আক্রমণাত্মক ইনিংসের পরও ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গত আসরের রানার্সআপ দলটি।

এরপর অলক কাপালী (১১ বলে ১০), কবীর আলী (৫ বলে ১২) দ্রুত ফিরে গেলেও বরিশালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন আজহার মেহমুদ। অর্ধশতকে পৌঁছানোর পরের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আজহার (৫৪) বিদায় নিলে আরে পেরে উঠেনি বরিশাল। তার ২৮ বলের ইনিংসে ৪টি ছক্কা ও ৩টি চার।

তবে শফিউল ইসলাম (১৩ বলে অপরাজিত ২৫) ও ইলিয়াস সানির (৫ বলে অপরাজিত ৯) ছোট্ট দুটি ইনিংস বরিশালের রান নিয়ে যায় দুশর ওপরে। এতেই হয়ে যায় বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ রানের (৪২২) রেকর্ড।

প্রথম আসরে ঢাকা-বরিশালের লিগ ম্যাচে হয়েছিল ৩৯৫ রান। টুর্নামেন্টে দুই দলের মিলিত রান এই প্রথম চারশ পেরুল। গত বছর রাজশাহী-বরিশালের মধ্যকার তিন ম্যাচের দুটিতে রান হয়েছিল ৩৮৫ ও ৩৭৩।


রাজশাহীর পক্ষে আবুল হাসান ২ উইকেট নেন ৪৩ রানে।
এর আগে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন চার্লস কভেন্ট্রি ও তামিম ইকবাল। তাদের ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়ে উঠে মাত্র ৭ ওভারে।

২৫ বলে ৪টি ছক্কা ও ৭টি চার সমৃদ্ধ কভেন্ট্রির ৬২ রানের অসাধারণ ইনিংস শেষ হয় অলকের বলে বোল্ড হয়ে।

নেমেই চড়াও হন সাইমন ক্যাটিচ। ১৪ বলে চারটি চারের সাহায্যে ২৩ রান করে শফিউলের বলে ফিল মাস্টার্ডের হাতে ধরা পড়ার আগে তামিমের সঙ্গে ৩৯ রানের চমৎকার একটি জুটি গড়েন তিনি।

শুরু থেকেই নড়বড়ে অধিনায়ক জহুরুল ইসলাম বেশিক্ষণ টেকেন নি। ১৩ বলে ৭ রান করে শফিউলের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

অলকের করা সতেরতম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে তামিমের ব্যাট থেকে আসে ঝকঝকে ৬৬ রান। শুরুতে দেখে শুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। তামিমের ৪৭ বলের ইনিংসটি ৫টি ছক্কা ও ৩টি চারে সাজানো।

পরের বলেই মঈন আলীকে লিয়ামের ক্যাচে পরিণত করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান অলক। হ্যাটট্রিক ঠেকিয়ে দেয়া আবুল হাসান (১০ বলে ১৩) ও শন আর্ভিন (১১ বলে অপরাজিত ৩০) ছোট্ট কিন্তু কার‌্যকর দুটি ইনিংসের সৌজন্যে দুশ পেরুয় বরিশাল।

২৩ রানে ৩ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার অলক।