২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেড়ে যাওয়ার ব্যাখ্যা দিতে হবে তামিমকে

খুলনায় গ্যালারির এক দর্শকের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় দুরন্ত রাজশাহীর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ব্যাখ্যা চাইবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 11:42 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আইএইচ মল্লিক সোমবার এ কথা বলেছেন।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম কিংস ও সিলেট রয়্যালসের মধ্যকার দিনের প্রথম ম্যাচ চলাকালে মিডিয়া সেন্টারে মল্লিক বলেন, “তামিম কী করেছেন সেটা আমরা জানতাম না। একজন সাংবাদিকের ফোন পেয়ে বিষয়টি জেনেছি।”

“আমরা এখনো স্পষ্ট জানি না, তিনি কী করেছিলেন। আমরা ফুটেজ চেয়েছি। শিগগির তামিমকে ডাকা হবে, আমরা তার ব্যাখ্যা শুনবো।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটি নয়, বিপিএল গভর্নিং কাউন্সিলই শুনানি করবে বলে জানান তিনি।

আইএইচ মল্লিক বলেন, “বোর্ডের অংশ হিসেবে আমরা যে কাউকে ডাকতে পারি। শুধু স্থানীয় খেলোয়াড় নয়, কোনো বিদেশি খেলোয়াড়ও আচরণ বিধি ভঙ্গ করলে গভর্নিং কাউন্সিলই ডাকবে।”

গত ২২ জানুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ব্যাট করে ড্রেসিং রুমে ফেরার পথে তামিমের কাছে অটোগ্রাফ চাইলে এক দর্শকের দিকে তেড়ে যান তিনি। ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওচিত্রে দেখা যায়, ব্যাট উঁচিয়ে ওই দর্শককে মারার ভঙ্গি করেন তামিম। এ সময় তাকে গালমন্দ করতেও শোনা যায়।