২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলের শতকে ইংল্যান্ডের সান্ত্বনার জয়

ধর্মশালার অভিষেক ওয়ানডেতে স্থানীয় মানুষের মুখে হাসি ফোটাতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনির ভারত। ইয়ান বেলের অপরাজিত শতক রোববার পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের সহজ জয় এনে দিয়েছে ইংল্যান্ডকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

তাতে অবশ্য স্বাগতিকদের তেমন ক্ষতি হয়নি। হেরে গেলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭৯ রানে ৫ উইকেট হারানো ভারতকে বিপদ থেকে উদ্ধার করেন দারুণ ছন্দে থাকা সুরেশ রায়না।

তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সুযোগ পাননি। বাকি তিন ওয়ানডেতে তার রান ৫০, ৫৫ ও অপরাজিত ৮৯। শেষ ম্যাচেও দলের বিপদের সময় জ্বলে ওঠেন রায়না।


৯৮ বলে ৮টি চার ও দুটি ছক্কায় ৮৩ রান করা রায়নার সঙ্গে রবীন্দ্র জাদেজার (৩৯) ৭৮ রানের ষষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। তবে শেষ দিকে ভুবনেশ্বর কুমার ৩০ বলে ৩১ রান করলেও ২২৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দল।

৪৫ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার টিম ব্রেসনান। দুটি করে উইকেট স্টিভেন ফিন ও জেমস ট্রেডওয়েলের।

জবাব দিতে নামা অতিথিদের জয়ের ভিত গড়ে দেয় অধিনায়ক অ্যালিস্টার কুকের (২২) সঙ্গে বেলের ৫৩ রানের উদ্বোধনী জুটি। ১৪৩ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১১৩ রানে অপরাজিত থেকে, দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন বেল।

ইংল্যান্ডকে লক্ষ্যে পৌঁছে দিতে তাকে যোগ্য সঙ্গ দেন জো রুট (৩১) ও এউইন মর্গান (অপরাজিত ৪০)।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৯.৪ ওভারে ২২৬ (গম্ভীর ২৪, রোহিত ৪, কোহলি ০, যুবরাজ ০, রায়না ৮৩, ধোনি ১৫, জাদেজা ৩৯, অশ্বিন ১৯, ভুবনেশ্বর ৩১, সামি ১, ইশান্ত ০*; ব্রেসনান ৪/৪৫, ট্রেডওয়েল ২/২৫, ফিন ২/২৭, ওকস ১/৪৫, প্যাটেল ১/৪৬)

ইংল্যান্ড: ৪৭.২ ওভারে ২২৭/৩ (কুক ২২, বেল ১১৩*, পিটারসেন ৬, রুট ৩১, মর্গান ৪০*; জাদেজা ১/২৬, ইশান্ত ১/৩৭, সামি ১/৪৬)

ম্যাচ সেরা: ইয়ান বেল


সিরিজ সেরা: সুরেশ রায়না