প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার জয়
শনিবার সিডনিতে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। সোমবার মেলবোর্নে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৩৭ রান করে স্বাগতিক দল। জবাবে ১৮ ওভার ৫ বলে লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা।
লক্ষ্য তাড়া করতে নেমে তিলকরত্নে দিলশানের (১৬) সঙ্গে কুশল পেরেরা (২২ বলে ৩৩) ৪৬ রানের উদ্বোধনী জুটির গড়লেও ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা।
তবে পঞ্চম উইকেটে লাহিরু থিরিমান্নের (২০) সঙ্গে ৩৫ ও ষষ্ঠ উইকেটে থিসারা পেরেরার (অপরাজিত ১৯) সঙ্গেও অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৩৫ রানে অপরাজিত ম্যাথিউসের ২৭ বলের ইনিংসে তিনটি ছক্কা ও একটি চার।
এর আগে অ্যারন ফিঞ্চ, শন মার্শ ও অধিনায়ক জর্জ বেইলির ব্যর্থতায় অস্বস্তিতে পড়ে যাওয়া অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান ডেভিড ওয়ার্নার।
চতুর্থ উইকেটে অ্যাডাম ভোজেসকে (অপরাজিত ২৫) নিয়ে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন স্বাগতিকদের বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। মাত্র ৬২ বলে ৯০ রানে অপরাজিত ওয়ার্নারের আক্রমণাত্মক ইনিংসটি পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাজানো।
কিন্তু ম্যাচ সেরা নির্বাচিত হলেও তার দুর্দান্ত ইনিংস বিফলেই গেছে শেষ পর্যন্ত।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৩৭/৩ (ওয়ার্নার ৯০*, ফিঞ্চ ১, মার্শ ৬, বেইলি ১১, ভোজেস ২৫*; কুলাসেকারা ১/২১, থিসারা পেরেরা ১/২৯)
শ্রীলঙ্কা: ১৮.৫ ওভারে ১৩৯/৫ (কুশল পেরেরা ৩৩, দিলশান ১৬, জয়াবর্ধনে ৮, চান্দিমাল ৫, ম্যাথিউস ৩৫*, থিরিমান্নে ২০, থিসারা পেরেরা ১৯*; ম্যাক্সওয়েল ২/১৫, ডোহার্টি ২/২১, স্টার্ক ১/১৯)
ম্যাচ সেরা: ডেভিড ওয়ার্নার
