২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতক করে নিজেই অবাক নাফীস

 “ব্যাটিংয়ের ধরণ অনুযায়ী আমার মতো ব্যাটসম্যানের পক্ষে টি-টোয়েন্টিতে শতক করা খুবই কঠিন। আমার নিজেরই তাই বিশ্বাস হচ্ছে না।”

অনীক মিশকাত অনীক মিশকাত

. , খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

টেস্ট-ওয়ানডে দুটোতেই শতক করলেও টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম শতক। বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুরন্ত রাজশাহীর বিপক্ষে শতক করে একই সঙ্গে আনন্দিত ও বিস্মিত শাহরিয়ার নাফীস।

খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খুলনা রয়েল বেঙ্গলসের অধিনায়ক বলেন, “টেস্ট-ওয়ানডেতে শতক পেলেও টি-টোয়েন্টিতে এটাই আমার প্রথম শতক। টি-টোয়েন্টিতে গেইল-ম্যাককালামের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যানদের পক্ষে শতক করা সম্ভব। কিন্তু ব্যাটিংয়ের ধরণ অনুযায়ী আমার মতো ব্যাটসম্যানের পক্ষে টি-টোয়েন্টিতে শতক করা খুবই কঠিন। আমার নিজেরই তাই বিশ্বাস হচ্ছে না।”

প্রথম বিপিএলে বরিশাল বার্নার্সের আইকন খেলোয়াড় হলেও প্রথম ৫ ম্যাচের পর মাঠে নামার সুযোগ পাননি। অথচ এবার টুর্নামেন্টের প্রথম শতক এলো তার ব্যাট থেকেই।

নিজেকে বদলে ফেলা প্রসঙ্গে নাফীস বলেন, “এবারের বিপিএলের আগে নাজমুল আবেদীন ফাহিম স্যারের অধীনে কাজ করেছি। এটা খুব কাজে লেগেছে। গত ছয় মাস ধরে চিন্তা করেছি, ক্রিকেট খেলা উচিৎ উপভোগ করার জন্য, কিছু পাওয়ার জন্য নয়। কিছু পাওয়ার জন্য খেললে চাপ অনেক বেড়ে যায়।”

“আজ অর্ধশতক হওয়ার পর ইনিংসের শেষ পর্যন্ত খেলতে চেয়েছি। ৭০/৮০ রান হয়ে যাওয়ার পর মনে হয়েছে শতক হতেও পারে,” যোগ করেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম আগে ব্যাটিং করে কোনো দল উইকেট না হারানোর কীর্তি গড়লো। সেজন্য উদ্বোধনী জুটিতে সঙ্গী নিউজিল্যান্ডের লু ভিনসেন্টকে কৃতিত্ব দিলেন নাফীস।

তিনি বলেন, “ভিনসেন্টই ওদের হাত থেকে ম্যাচ বের করে নিয়েছে। চার-ছয় মেরে আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। আমাকে তেমন কিছু করতে হয় নি। আমার ওপর চাপ না থাকায় স্বাভাবিক খেলাও খেলতে পেরেছি।”

ভিনসেন্ট অবশ্য দলকে প্রথম জয় এনে দেয়ার কৃতিত্ব দিলেন নাফীসকেই। তিনি বলেন, “অধিনায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দেখে ভালো লাগছে। টানা তিন ম্যাচ হেরে আমরা ভীষণ চাপের মধ্যে ছিলাম।”

নির্ভার খুলনা রয়েল বেঙ্গলসের ঠিক উল্টো অবস্থা দুরন্ত রাজশাহীর। চট্টগ্রাম কিংসকে নাটকীয়ভাবে ২ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এরপর টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় তারা এখন ভীষণ চাপের মধ্যে।

অধিনায়ক জহুরুল ইসলামের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ। তিনি বলেন, “আমরা একদমই ভালো খেলতে পারছি না। তবে পেছনের কথা ভুলে পরের ম্যাচের দিকে তাকাতে চাই।”

নাফীসের ইনিংসের প্রশংসা করে জহুরুল বলেন, “এতো সুন্দর ব্যাটিং খুব কম দেখেছি। তার শট নির্বাচন, ফুট ওয়ার্ক সবই খুব ভালো ছিল।