২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনাতেও দর্শক-শূন্য গ্যালারি

দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম তিন দিন খেলা হয়েছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকায় গ্যালারি ফাঁকা ছিল সব ম্যাচেই। বিপিএলের আয়োজকরা আশা করেছিলেন, নতুন ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দর্শক-খরা কাটবে। কিন্তু তাদের আশা দুরাশায় পরিণত হওয়ার আশঙ্কা।

অনীক মিশকাত অনীক মিশকাত

খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার প্রথম দিনে গ্যালারি ফাঁকা থাকলেও বুধবার দ্বিতীয় দিনে খুলনা রয়েল বেঙ্গলসের খেলা থাকায় ভরা গ্যালারির আশা করেছিলেন আয়োজকরা। কিন্তু স্থানীয় দলের খেলা থাকলেও হাজার দেড়েকের বেশি দর্শক হয়নি।

দর্শক-খরা নিয়ে চিন্তিত দুরন্ত রাজশাহীর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালও। তিনি বলেন, “দর্শক কম হওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। বিসিবিকেই এর কারণ খুঁজে বের করতে হবে।”

“আমি মনে করি না পাকিস্তান বা অন্য কোনো দেশের ক্রিকেটারদের অনুপস্থিতি দর্শক শূন্যতার কারণ। গেইলের খেলা দেখতে ১৫ হাজার দর্শক হয়তো আসে। কিন্তু সাকিবের খেলা দেখতেও তো ১৫ হাজার দর্শকের আসার কথা,” যোগ করেন তিনি।

অনেকেই টিকেট চেয়ে তার কাছে ফোন করেন জানিয়ে তামিম বলেন, “টিকেটের অনেক চাহিদা। অনেকেই খেলা দেখতে চান। আমি তাই আবার টিকেটের দাম কমানোর অনুরোধ করছি।”

খেলা দেখতে আসা তরুণ ইমতিয়াজ হোসেনও ফাঁকা গ্যালারির জন্য দায়ী করলেন টিকেটের অতিরিক্ত মূল্যকে। সেই সঙ্গে প্রচারণার অভাবকেও দায়ী করে তিনি বলেন, “বিপিএল নিয়ে প্রচারণা খুব কম হয়েছে। অনেকেই জানে না টিকেট কোথায় পাওয়া যাবে। টিকেটের দাম কমানোর কথাও অনেকে জানে না।”

“বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখেছি ৫০ টাকায়। আজ (বুধবার) এসেছি খুলনার খেলা থাকায়। কিন্তু প্রতি দিন তো ২০০ টাকা খরচ করে আসতে পারবো না,” যোগ করেন তিনি।

টিকেটের স্বত্ব বিক্রির সময়ই বিপিএল গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বলেছিলেন, “দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী টিকেটের দাম একটু বেশি।”

বিসিবির চাপে ৪০ শতাংশ দাম কমানোর পরও টিকেটের সর্বনিম্ন দাম ছিল ৩৫০ টাকা। পরে তা কমিয়ে ২০০ টাকা করা হয়।

আয়োজকরা দাবি করেছিলেন ‘টোটাল প্যাকেজ’ বিপিএলে বিনোদনের কমতি থাকবে না। বরং ‘সামান্য’ খরচ করে অনেক বিনোদন পাবেন দর্শকরা। তাদের জন্য প্রতিদিন থাকবে টেলিভিশন, ফ্রিজের মতো উপহার। কিন্তু এই প্রতিশ্রুতির বাস্তবায়নও হয়নি এখনো।