২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের প্রস্তুতি নিয়েও সমস্যা

প্রস্তুতির দিক দিয়ে পিছিয়ে আছে বিপিএল গভার্নিং কাউন্সিল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 06:06 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের আর ৪৮ ঘন্টাও বাকি নেই। অথচ এখনো প্রস্তুতিতে অনেকখানি পিছিয়ে আছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বিপিএল গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক জানিয়েছেন এ কথা।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “প্রস্তুতির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। গতকালই (সোমবার) উদ্বোধনী অনুষ্ঠানের সব কিছু চূড়ান্ত হয়েছে। সব কিছু নিশ্চিত হতে অনেক দেরি হয়েছে। তাই প্রস্তুতিও শুরু হয়েছে দেরিতে।”

আই এইচ মল্লিকের দাবি, এবারের বিপিএলে ক্রিকেটারদের শতভাগ ‘নিরাপদ ও নিশ্চিত’ নিয়ম মেনে পারিশ্রমিক দেয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “দেশের ক্রিকেটারদের ১৫ শতাংশ টাকা এখনো বকেয়া। বিসিবি সভাপতি বুধবারের মধ্যে বকেয়া ও ক্রিকেটারদের প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে বলেছেন। নইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে মঙ্গলবারও ব্যাঙ্কের মাধ্যমে বিপিএলের টিকেট বিক্রি শুরু করা সম্ভব হয়নি। নিরাপত্তার কারণে তিনটি ব্যাঙ্ক রাজি হয়নি বলে গভার্নিং কাউন্সিলকে জানিয়েছে টিকেট বিক্রির স্বত্ব পাওয়া অ্যাক্টিভ সার্ভিসেস। শেষ পর্যন্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড (ইউসিবিএল) রাজি হলেও মঙ্গলবার তারা টিকেট বিক্রি শুরু করতে পারেনি।