২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে অনিশ্চয়তা কাটেনি

বুধবার সকাল ১০টার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক সাড়া না পেলে বিকল্প ক্রিকেটার বেছে নেয়া হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। পর দিন থেকে খেলা শুরু। অথচ মঙ্গলবারও এই টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা জানিয়েছেন, বুধবার সকাল দশটার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া না পেলে বিকল্প ক্রিকেটার বেছে নেয়া হবে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বুধবার সকাল ১০টার মধ্যে পিসিবি ক্রিকেটারদের পাঠানোর সিদ্ধান্ত না নিলে পাকিস্তানীদের ছাড়াই নির্ধারিত সময়ে শুরু হবে বিপিএল।”

“পেশাদার হয়ে থাকলে আইসিসির সদস্য হিসেবে পিসিবির ক্রিকেটারদের পাঠানো উচিৎ। আর না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে থাকলে তাদের উচিৎ ছিল এরই মধ্যে আমাদের তা জানানো। কিন্তু তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি,” যোগ করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি।

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে বিপিএলকে ‘বলির পাঁঠা’ বানানো যাবে না জানিয়ে আফজালুর রহমান আরো বলেন, “বিপিএল চালানোর জন্য কোনো দেশের কাছে আমরা মাথানত করব না। পাকিস্তান সফরকে ইস্যু করে পিসিবি ক্রিকেটার না পাঠালে তাদের ছাড়াই আমরা নির্ধারিত সময়ে বিপিএল শুরু করব।”

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিকল্প ক্রিকেটার দলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিপিএলের নিলামে অবিক্রিত ক্রিকেটার ছাড়াও দেশি বা বিদেশি যে কোনো ক্রিকেটারকে নেয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ শুরু করতে বলা হয়েছে।”

বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজিই জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো পাকিস্তানী ক্রিকেটার পিসিবি থেকে ছাড়পত্র পায়নি। এরপরই জরুরি সভায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল।

সোমবার বিসিবি সভাপতি ফোনে কথা বলেন পিসিবি সভাপতির সঙ্গে। বিসিবি একটি ই-মেইলও পাঠায় পিসিবিকে। কিন্তু তার কোনো উত্তর পায়নি বিসিবি।