২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল জয়ে সমতায় ভারত

দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ১২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বোলিং নিয়ে দুশ্চিন্তা ছিল ভারতের। তবে মঙ্গলবার কোচিতে দ্বিতীয় ওয়ানডেতে বোলার-ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় জয় পেতে তাদের সমস্যা হয়নি। ইংল্যান্ডকে ১২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা নিয়ে এসেছে স্বাগতিকরা।

শনিবার ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে তৃতীয় ওয়ানডে।

কোচির নেহেরু স্টোডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান করে ভারত। জবাবে ৩৬ ওভারে ১৫৮ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

প্রথম ওয়ানডেতে ৩২৫ রান তাড়া করতে নেমে ৯ রানে হেরে গিয়েছিল ভারত। মঙ্গলবারও ১৮ রানের ভেতর দুই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও অজিঙ্কা রাহানের বিদায় শঙ্কায় ফেলে দিয়েছিল ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।

এরপর বিরাট কোহলি ৩৭ ও যুবরাজ সিং ৩২ রান করলেও ২৭তম ওভারে ১১৯ রানে চতুর্থ উইকেটের পতন অস্বস্তি বাড়িয়ে দেয় আবার।

তবে পঞ্চম উইকেটে সুরেশ রায়নার সঙ্গে ধোনির ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। ৭৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৫৫ রান করা রায়নাকে বোল্ড করে জুটিটা ভাঙ্গেন স্টিভেন ফিন।

এরপর ধোনি ও রবীন্দ্র জাদেজার মধ্যে গড়ে ওঠা মাত্র ৬০ বলে ৯৬ রানের আক্রমণাত্মক জুটি লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় ভারতকে।

৬৬ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৭২ রান করে ধোনি বিদায় নিলেও ৬১ রানে অপরাজিত থাকেন জাদেজা। ৩৭ বলের ঝড়ো ইনিংসটি ৮টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।

জবাবে ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ইংল্যান্ড লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি। জো রুটের ৩৬ ও সমিত প্যটেলের অপরাজিত ৩০ রানও বড় হারের লজ্জা থেকে রক্ষা করতে পারেনি অতিথিদের।

ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন তিনটি করে উইকেট নেন। তবে ৭ ওভারে মাত্র ১২ রান দিয়ে দুই উইকেট নেয়া জাদেজা অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচ সেরা।


সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৮৫/৬ (রাহানে ৪, গম্ভীর ৮, কোহলি ৩৭, যুবরাজ ৩২, রায়না ৫৫, ধোনি ৭২, জাদেজা ৬১*, অশ্বিন ১*; ফিন ২/৫১, ডার্নব্যাখ ২/৭৩, ট্রেডওয়েল ১/৪৮, হোকস ১/৬০)

ইংল্যান্ড: ৩৬ ওভারে ১৫৮ (কুক ১৭, বেল ১, পিটারসেন ৪২, রুট ৩৬, মর্গান ০, কিসওয়েটার ১৮, প্যাটেল ৩০*, হোকস ০, ট্রেডওয়েল ১, ফিন ০, ডার্নব্যাখ ২; ভুবনেশ্বর ৩/২৯, অশ্বিন ৩/৩৯, জাদেজা ২/১২, সামি ১/২৪)


ম্যাচ সেরা: রবীন্দ্র জাদেজা