২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টেও দক্ষিণ আফ্রিকার সহজ জয়

পোর্ট এলিজাবেথে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের জয়ের ব্যবধান বিশাল-এক ইনিংস ও ১৯৩ রান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

প্রথম টেস্টের মতো দ্বিতীয় ও শেষ টেস্টেও নিউজিল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথে স্বাগতিকদের জয়ের ব্যবধান বিশাল-এক ইনিংস ও ১৯৩ রান। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ব্যবধানে জয়।

আগামী শনিবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আগের দিন শেষে ডিন ব্রাউনলি ও বিজে ওয়াটলিংয়ের ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিল নিউজিল্যান্ডকে। কিন্তু ৪৪ রান নিয়ে ব্যাট করতে নামা ব্রাউনলি (৫৩) অর্ধশতকে পৌঁছানোর পর-পরই জ্যাক ক্যালিসের বলে ক্যাচ দেন উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্সকে। ভেঙ্গে যায় ৯৮ রানের পঞ্চম উইকেট জুটি।


দলীয় ১৮২ রানে ওয়াটলিংয়ের বিদায়ের পর দলকে জয় এনে দিতে বেশি সময় নেন নি ম্যাচ সেরা ডেল স্টেইন ও মর্নে মরকেল। দুই ফাস্ট বোলারের তোপে মাত্র ৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২১১ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। স্টেইন তিনটি ও মরকেল দুই উইকেট নেন।

প্রথম ইনিংসের মতো অতিথিদের দ্বিতীয় ইনিংসেও সর্বোচ্চ রান ওয়াটলিংয়ের। তবে তার ৬৩ রানও দক্ষিণ আফ্রিকার কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচাতে পারেনি নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সবচেয়ে বড় জয় ছিল ১৯৫৩ সালে ওয়েলিংটনে, এক ইনিংস ও ১৮০ রানে।