ভারতের দুশ্চিন্তার নাম বোলিং
প্রথম ম্যাচে ইংল্যান্ডের ৩২৫ রানের নিচে চাপা পড়ে হেরে যাওয়ায় মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডের আগে বোলিং নিয়ে দুশ্চিন্তায় ভারত।
মঙ্গলবার কোচিতে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের ৩২৫ রানের নিচে চাপা পড়ে হেরে যাওয়ায় এই ম্যাচের আগে বোলিং নিয়ে ভীষণ দুশ্চিন্তায় স্বাগতিকরা।
ভারতের কয়েক জন সাবেক ক্রিকেটারের আশঙ্কা, বাজে বোলিংয়ের পুনরাবৃত্তি কোচিতেও বিপদ ডেকে আনতে পারে দলের জন্য।
ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর অবশ্য বোলারদের পাশেই দাঁড়াচ্ছেন।
তিনি বলেন, “কোনো ম্যাচে ব্যাটসম্যানরা খারাপ করলে বোলাররা তা পুষিয়ে দেয়ার চেষ্টা করে। আমি কাউকেই দোষ দিতে রাজি নই। বোলাররাও কঠিন পরিশ্রম করে। পাকিস্তানের বিপক্ষে দিল্লিতে ওরাই আমাদের জিতিয়েছিল।”
স্বাগতিকরা যখন দুশ্চিন্তায় অস্থির তখন অতিথিরা দারুণ ফুরফুরে মেজাজে। প্রায় তিন দশক পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। লড়াই করে হলেও ৯ রানের জয় পেয়েছে প্রথম ওয়ানডেতে। এখন তাদের লক্ষ্য ৫ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে যাওয়া।
