রংপুর রাইডার্সের লোগো উন্মোচন
শনিবার রাজধানী একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন দল রংপুর রাইডার্সের লোগো উন্মোচন হয়েছে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে দলটির স্বত্ত্বাধিকারী আই স্পোর্টসের সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম বলেন, “ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা দল গড়েছি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে অন্যান্য কর্মসূচীও গ্রহণ করব।”
রংপুর রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। সহ-অধিনায়ক অলরাউন্ডার নাসির হোসেন। কোচের দায়িত্বে আব্দুল করিম জুয়েল।
নেতৃত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত রাজ্জাক। তিনি বলেন, “আমাদের দলটি খুবই ভারসাম্যপূর্ণ। নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও আমরা আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে চাই।”
উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের জন্য সতীর্থদের কাছ থেকে এক লাখ টাকার ওপরে সংগ্রহ করেছেন নাসির হোসেন। বিপিএল থেকে আরো বেশি টাকা তুলে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে চান রংপুরের সহ-অধিনায়ক।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ রংপুর রাইডার্সের উপদেষ্টা। তিনি বলেন, “পাকিস্তানের ক্রিকেটারদের যোগ করে আমাদের দল সাজানো হয়েছে। তারা না এলে একটু সমস্যা তো হবেই।”
