বিসিএলের ফাইনালে নর্থ জোন-সেন্ট্রাল জোন
বিপিএল শেষ হওয়ার পর দিন-রাতের ফাইনাল হবে বিসিএলের।
– বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) তৃতীয় রাউন্ডে প্রাইম ব্যাঙ্ক সাউথ জোনকে ১৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বিসিবি নর্থ জোন। ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোনের সঙ্গে ড্র করে ফাইনালে নর্থ জোনের সঙ্গী ওয়ালটন সেন্ট্রাল জোন।
লিগ পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে সেন্ট্রাল জোন। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নর্থ জোন। ১০ পয়েন্ট নিয়ে সাউথ জোনের অবস্থান তৃতীয়। ৭ পয়েন্ট নিয়ে সবার নিচে ইস্ট জোন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর বিসিএলের ফাইনাল হবে দিন-রাতের।
বিসিবি নর্থ জোন-প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৮৪ রান নিয়ে ব্যাট করতে নামা সাউথ জোনকে জয়ের জন্য শুক্রবার শেষ দিনে আরো ৩৬৫ রান করতে হত।
কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ৬১ এবং আট নম্বরে নামা সোহাগ গাজী ৫০ বলে ৪টি ছক্কা ও ১৩টি চারে ৮৫ রান করলেও ২৭৮ রানে অলআউট হয়ে যায় তারা।
ম্যাচ সেরা নির্বাচিত সাকলায়েন সজীব ৪ উইকেট নেন ৯০ রানে। প্রথম ইনিংসে ৭৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
ওয়ালটন সেন্ট্রাল জোন-ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এক উইকেটে ১৬১ রান নিয়ে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৯৬ রান তুলে দিন শেষ করে ইস্ট জোন। ফয়সাল হোসেন ৯২, নাফিস ইকবাল ৮২ ও ধীমান ঘোষ ৫৮ রান করেন।
সেন্ট্রাল জোনের পক্ষে শাহাদাত হোসেন ও ইলিয়াস সানি তিনটি করে উইকেট নেন।
৭ উইকেটে ৬৫৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল সেন্ট্রাল জোন।
