বাংলাদেশকে জাকা আশরাফের হুমকি
বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলে বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণের অনুমতি না দেয়ার হুমকি দিয়েছেন পিসিবি সভাপতি জাকা আশরাফ
– বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে দোটানা চলছে এখনো। এই সংশয়ের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ জানিয়ে দিলেন, এই সফরে না গেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানের ক্রিকেটারদের অংশ নেয়ার অনুমতি দেয়া হবে না।
শুক্রবার লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লোগা উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের পাকিস্তান সফরে আসা মোটামুটি নিশ্চিতই ছিল। কিন্তু নিরাপত্তাহীনতার অজুহাতে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় তারা। আমি এ নিয়ে আর কথা বলতে চাই না।”
এরপর পাকিস্তানের ক্রিকেটারদের বিপিএলে অংশ নেয়া প্রসঙ্গে জাকা আশরাফ বলেন, “এমন অবস্থায় আমাদের ক্রিকেটারদের সেখানে পাঠানো সম্ভব নয়। কারণ বাংলাদেশের শর্ত পূরণের বাধ্যবাধকতা আছে। তারা পাকিস্তান সফরে আসার সিদ্ধান্ত নিয়ে এখানে এসে খেললেই আমরা এ ব্যাপারে তাদের সমর্থন দেয়ার চিন্তা-ভাবনা করব।”
যদিও গত সোমবার ভারত সফরের সময় পিসিবি সভাপতি জানিয়েছিলেন, বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণে বাধা দেয়া হবে না।
পাকিস্তানের টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলে কোনো টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটার অংশ নিচ্ছে না। আইসিসির সাবেক প্রধান নির্বাহী হারুন লরগাত তবু এই প্রতিযোগিতা নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘পিএসএল পাকিস্তানে আর্ন্তজাতিক ক্রিকেট ফেরাতে বড় ভুমিকা রাখবে।”
