বিশ্ব রেকর্ড হল না আইয়ু্ব-মেহরাবের
আগের দিন ৪৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ার সম্ভাবনা জাগিয়েছিলেন মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়র। কিন্তু শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার রেকর্ড ভাঙ্গতে পারেননি তারা।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) তৃতীয় দিনে ৪৯৪ রানে ভেঙ্গে গেছে আইয়ুব ও মেহরাবের জুটি। আইয়ুবের দুর্ভাগ্য, মাত্র ১১ রানের জন্য ত্রি-শতক করতে পারেননি।
ওয়ালটন সেন্ট্রাল জোন-ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৪ উইকেটে ৫২৮ রান নিয়ে ব্যাট করতে নামা সেন্ট্রাল জোন ২২ রান যোগ করার পর মেহরাবকে হারায়।
২১৮ রান করা মেহরাবকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ১১৯.৪ ওভার দীর্ঘ জুটিটা ভাঙ্গেন নাবিল সামাদ। মেহরাবের ৩৮৮ বলের ইনিংসে ২৭টি চার ও দুটি ছক্কা।
২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বো টেস্টে জয়াবর্ধনে-সাঙ্গাকারার ৬২৪ রানের জুটির বিশ্ব রেকর্ড তাই অটুট রইল।
মেহরাব বিদায় নিলেও ত্রি-শতকের দিকে ছুটছিলেন আইয়ুব। কিন্তু ২৮৯ রান করে তিনিও এলবডব্লিউও হয়ে যান এনামুল হক জুনিয়রের বলে। ৩৬৭ বলের ইনিংসটি ৩০টি চার ও চারটি ছক্কা সমৃদ্ধ।
আইয়ুবের বিদায়ের পর শুভাগত হোম চৌধুরীর অপরাজিত ৫১ রানের সুবাদে ৭ উইকেটে ৬৫৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোন।
ইস্ট জোনের পক্ষে ১৬১ রানে ৪ উইকেট নেন নাবিল।
জবাবে শাহরিয়ার নাফীসের উইকেট হারিয়ে দিন শেষে ১৬১ রান করেছে ইস্ট জোন। নাফিস ইকবাল ৮১ ও মমিনুল হক ২২ রানে ব্যাট করছেন। ইস্ট জোন এখনো ৪৯৪ রানে পিছিয়ে।
বিসিবি নর্থ জোন-প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ১২৫ রান নিয়ে ব্যাট করতে নামা নর্থ জোন ৭ উইকেটে ৩৬২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
অধিনায়ক মুশফিকুর রহিম ৮৯ ও নাসির হোসেন ৮৮ রান করেন। ফরহাদ রেজা অপরাজিত থেকে যান ৭৫ রানে।
সাউথ জোনের পক্ষে আব্দুর রাজ্জাক ৩ উইকেট নেন ১২৯ রানে। ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় বৃহস্পতিবার অফস্পিনার সোহাগ গাজী বল করতে পারেননি।
প্রথম ইনিংসে ৮৬ রানে পিছিয়ে থাকায় সাউথ জোনের সামনে ৪৪৯ রানের জয়ের লক্ষ্য। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান। সৌম্য সরকার ৩৭ ও ফজলে রাব্বি ৩০ রানে অপরাজিত।
