সিডনিতে সমাপ্তি টেনে হাসি আনন্দিত
সিডনি ক্রিকেট গ্রাউন্ড তার অন্যতম প্রিয় মাঠ। এই মাঠে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পেরে দারুণ খুশি মাইক হাসি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ড তার অন্যতম প্রিয় মাঠ। এই মাঠে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পেরে দারুণ খুশি মাইক হাসি।
রোববার অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিডনি টেস্ট শেষ হওয়ার পর তিনি বলেন, “টেস্ট-জীবনের সমাপ্তি টানার স্থানটা কী চমৎকার! আমার প্রিয় তিনটি মাঠের একটি সিডনি ক্রিকেট গ্রাউন্ড। এখানকার দর্শক এবং অন্যদের সহযোগিতা আমার জন্য অনেক আবেগের। তাতে আমি কিছুটা বিব্রতও।”
“ভালো ভাবে সবকিছু শেষ হওয়ায় আমি এখন বেশ নির্ভার। জয়-পরাজয়ের চিন্তা এবং চাপ থেকেও মুক্ত। ব্যাট করতে যাওয়ার আগে আমাকে আর স্নায়ুর চাপে ভুগতে হবে না,” যোগ করেন ৭৯ টেস্টে ১৯টি শতকসহ ৬,২৩৫ রান করা হাসি।
আর কখনো টেস্ট খেলা হবে না ভেবে অবশ্য খারাপ লাগছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, এটা ঠিক যে কিছু-কিছু জিনিস আমি মিস করব। যেমন টেস্ট ম্যাচে জয়সূচক রান নেয়া, অস্ট্রেলিয়াকে সিরিজ জিততে সাহায্য করা অথবা ম্যাচ শেষে ড্রেসিং রুমে সবার সঙ্গে দলীয় গান গাওয়া। কিন্তু একটা সময় সব ভালোরই তো শেষ হয়।”
টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও ওয়ানডে ক্রিকেটকে তিনি বিদায় বলতে চান অস্ট্রেলীয় ক্রিকেটের এ মৌসুম শেষে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি ১৮৫ ম্যাচে ৫,৪৪২ রান করা হাসিকে। বিশ্রাম দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার এবং ম্যাথু ওয়েডকেও।
রোববার ঘোষিত ১৩ সদস্যের দলে হাসিকে না রাখার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর সভাপতি জন ইনভেরারিটি বলেন, “আগামী বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মাইকেল হাসিকে দলে রাখা হয়নি।”
প্রথম দুই ওয়ানডের অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি(অধিনায়ক), বেন কাটিং, জাভিয়ের ডোহার্টি, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হ্যাডিন, ফিলিপ হিউজ, ডেভিড হাসি, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাকে, স্টিভেন স্মিথ, মিচেল জনসন ও মিচেল স্টার্ক।
