ভারতের বাঁচা-মরার লড়াই
প্রায় আট বছর পর পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের শঙ্কা নিয়ে বৃহস্পতিবার মাঠে নামছে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে বারোটায়।
প্রায় আট বছর পর পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের শঙ্কা নিয়ে বৃহস্পতিবার মাঠে নামছে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে বারোটায়।
প্রথম ম্যাচে পাকিস্তান সহজেই ছয় উইকেটে জিতেছে।
ওয়ানডে থেকে শচীন টেন্ডুলকারের অবসর ঘোষণার পর চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা হতাশ করেছেন ভারতকে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অসাধারণ শতক না করলে বড় ধরনের লজ্জায় পড়তে হতো ২৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।
ইডেন গার্ডেন্সের কিউরেটর প্রবীর মুখার্জী অবশ্য উজ্জীবিত হওয়ার মতো একটা তথ্য দিয়েছেন ধোনির দলকে। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ইডেনে দেখা যাবে আদর্শ ওয়ানডে উইকেট। যেখান থেকে উঠে আসবে প্রচুর রান।
প্রথম ওয়ানডেতে জুনায়েদ খানের তোপে বিধ্বস্ত হয়েছিলেন বীরেন্দর শেবাগ, বিরাট কোহলি, যুবরাজ সিং, রোহিত শর্মারা। বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাটিং নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ধোনি।
তিনি বলেন, “সিরিজে পিছিয়ে থাকায় আমরা একটু চাপের মধ্যে আছি। আমাদের ব্যাটিং নিয়ে একটু সমস্যা হচ্ছে। এই জায়গায় আমাদের উন্নতি করা ভীষণ জরুরি। ব্যাটসম্যানদের ছন্দে ফেরার এটাই সেরা সময়।”
“আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের প্রথম সারির কয়েক জন বোলার চোট আক্রান্ত। তাই আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট অনভিজ্ঞ। তবে আমি চিন্তিত নই। আমাদের শুধু মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে,” যোগ করেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
টেন্ডুলকারকে ঘরোয়া ক্রিকেট প্রথম শূন্য উপহার দেয়া ভুবনেশ্বর কুমার টি-টোয়েন্টির মতো ওয়ানডে অভিষেকেও সফল। বাকি তিন বিশেষজ্ঞ বোলার ইশান্ত শর্মা, অশোক দিন্দা ও রবিচন্দ্রন অশ্বিন চেন্নাইয়ে ভালো বল করলেও পঞ্চম বোলার নিয়ে ধোনির অস্বস্তি কাটছে না।
প্রথম ওয়ানডেতে সাত জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান না থাকলে ১২০ রানের মধ্যেই ভারত গুটিয়ে যেত বলে মনে করেন ধোনি।
ওয়ানডের নতুন নিয়ম অনুযায়ী, পাওয়ার প্লে ছাড়া বাকি ৩৫ ওভারে সর্বোচ্চ চার জন ফিল্ডার বৃত্তের বাইরে থাকতে পারবে। তাই অনিয়মিত বোলারদের জন্য এখন বল করা আগের চেয়ে কঠিন। এ কারণে সাত জন ব্যাটসম্যান নাকি পাঁচ জন বোলার নিয়ে দল সাজাবেন, তা নিয়ে ধোনি দ্বিধায়।
কিউরেটর স্বাগতিকদের আশার বাণী শোনালেও ইডেন গার্ডেন্সে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দারুণ সফল পাকিস্তান। কলকাতায় ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে সবগুলোতে জয় পেয়েছে তারা।
সাফল্যমণ্ডিত মাঠে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি বলেন, “টেন্ডুলকারের মতো কিংবদন্তি ব্যাটসম্যানের অভাব ভারত অনুভব করবেই। তাকে ছাড়া জয়ের অভ্যাস গড়ে তুলতে তাদের কিছুটা সময় লাগবে।”
“তবে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যানই বিপজ্জনক। প্রথম দশ ওভারে দুজনেই ভীষণ দ্রুত রান করতে পারে। তাই আমাদের জন্য শুরুতে ভালো বল করা জরুরি,” যোগ করেন মিসবাহ।
