বিপিএলের দ্বিতীয় আসরের নিলাম বৃহস্পতিবার
বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের নিলাম। হোটেল র্যাডিসনে অনুষ্ঠেয় নিলামে ৭টি দলের সভাপতিরই উপস্থিত থাকার কথা।
বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের নিলাম। হোটেল র্যাডিসনে অনুষ্ঠেয় নিলামে ৭টি দলের সভাপতিরই উপস্থিত থাকার কথা।
এবারের বিপিএলে কয়েকটি নতুন নিয়ম প্রবর্তিত হয়েছে। দল গড়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যয়ের সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। এবার নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৫ লক্ষ ডলার ব্যয় করতে পারবে।
বিপিএল গর্ভনিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের ক্রিকেটারদের বাইরে এবার ১৩টি দেশের ১৩৪ জনের নিলাম হবে।”
“প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১০ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। এবং প্রত্যেক ম্যাচে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলানো যাবে,” যোগ করেন তিনি।
বিপিএলের প্রথম আসরে ৮ জন বিদেশিসহ সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার নিতে পেরেছিল প্রতিটি দল। এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
এরই মধ্যে নিলামের জন্য চারটি শ্রেণীতে স্থানীয় ১১৩ ও বিদেশি ১৩৪ জন সহ মোট ২৪৭ জন ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে গোল্ডেন শ্রেণীতে ১৬, ‘এ’ শ্রেণীতে ১২, ‘বি’ শ্রেণীতে ২৭ ও ‘সি’ শ্রেণীতে ৭৯ জন আছেন নিলামে।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে গোল্ডেন শ্রেণীতে ৪, ‘এ’ শ্রেণীতে ৭, ‘বি’ শ্রেণীতে ১৭ ও ‘সি’ শ্রেণীতে ৮৫ জনের নাম আছে নিলামের তালিকায়।
১৭ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে তার পর দিন থেকে।
