ইংল্যান্ডের ‘ভারত’ জয়
প্রায় ২৮ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। নাগপুরে চতুর্থ ও শেষ টেস্ট ড্র হওয়ায় ইংল্যান্ড সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
প্রায় ২৮ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। নাগপুরে চতুর্থ ও শেষ টেস্ট ড্র হওয়ায় ইংল্যান্ড সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
১৯৮৪-৮৫ মৌসুমে ডেভিড গাওয়ারের নেতৃত্বে ভারতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড।
সোমবার শেষ দিনে কোনো রকম ঝুঁকি নেননি আগের দিন শেষে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান জোনাথন ট্রট ও ইয়ান বেল। ধীরে-সুস্থে খেলে, চতুর্থ উইকেটে ২০৮ রানের জুটি গড়ে ভারতের জয়ের আশা শেষ করে দিয়েছেন দুজনে।
অষ্টম টেস্ট শতকের দেখা পাওয়া ট্রটের ব্যাট থেকে আসে ১৮টি বাউন্ডারি সমৃদ্ধ ১৪৩ রান। ট্রটকে লেগ স্লিপে বিরাট কোহলির ক্যাচ বানিয়ে ভারতকে দিনের একমা্ত্র সাফল্য এনে দেন রবিচন্দ্রন অশ্বিন।
১৬টি চার ও একটি ছক্কায় ১১৬ রান করে অপরাজিত থেকে যান বেল। এটি তার সপ্তদশ টেস্ট শতক।
ইংল্যান্ড ৪ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করার পর আর ১৫ ওভার হতে পারতো। ভারত তাই আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেনি।
বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচেও ৪ উইকেট নেয়ায় ম্যাচ সেরার পুরস্কার উঠেছে পেসার জেমস অ্যান্ডারসনের হাতে। ৮০.২৮ গড়ে ৩টি শতকসহ ৫৬২ রান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ সেরা ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৩০ (রুট ৭৩, পিটারসেন ৭৩, প্রায়র ৫৭, সোয়ান ৫৬; চাওলা ৪/৬৯, ইশান্ত ৩/৪৯) ও ৩৫২/৪ ডিক্লে. (কুক ১৩, কম্পটন ৩৪, ট্রট ১৪৩, পিটারসেন ৬, বেল ১১৬*, রুট ২০*; অশ্বিন ২/৯৯)
ভারত: ৩২৬/৯ ডিক্লে. (কোহলি ১০৩, ধোনি ৯৯; অ্যান্ডারসন ৪/৮১, সোয়ান ৩/৭৬)
