ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের কাছে একমাত্র টি-টোয়েন্টিতে হেরে গেলেও তামিম ইকবাল মনে করেন লড়াই করেই হার মেনেছে বাংলাদেশ।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, “আমরা নিজেদের সেরা চেষ্টা করেছি। আমাদের সেরাটা ঢেলে দিয়েছি। হেরে গেলেও হতাশ হওয়ার কিছু নেই।”
“১২/১৩ ওভার থেকে আমি আর রিয়াদ ভাই (মাহমুদুল্লাহ) জয়ের যথাসাধ্য চেষ্টা করেছি। এ সময় ওরা খুব ভালো বল করেছে। রিয়াদ ভাই মারতে না পারলে আমার মনে হয় না আমাদের দলের অন্য কেউ মারতে পারবে,” যোগ করেন তিনি।
সোমবার টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করে ৮৮ রানে অপরাজিত ছিলেন তামিম। শেষ ওভারে স্ট্রাইক না পাওয়ায় শতক করতে পারেননি। এ নিয়ে হতাশ কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি ৩০ রান করেও দল জিতলে অনেক বেশি আনন্দ পেতাম। আর আমি শতক করার পরও দল হারলে হতাশই হতাম।”
১৬৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এই প্রথম কোনো ম্যাচে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করা প্রসঙ্গে তামিম বলেন, “জীবনের ৭৫ শতাংশ ম্যাচে আমি নিজের দোষে আউট হয়েছি। নিজেকে আরো ওপরে নিতে হলে আমাকে আরো শতক করতে হবে। দেশ ও দেশের বাইরে যাদের আমি আদর্শ মানি তাদের সঙ্গে এ ব্যাপারে নিয়মিত কথা বলি। কয়েক দিন আগেও ওয়াসিম জাফরের সঙ্গে এ নিয়ে কথা বলেছি।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাই বাংলাদেশের সেরা সিরিজ বলে মনে করেন তামিম। তিনি বলেন, “এটাই আমাদের সেরা সিরিজ। আমার মনে হয় না এর চেয়ে ভালো সিরিজ আমরা এর আগে খেলেছি। ওয়ানডে সিরিজে আমি রান পাইনি, সাকিবও ছিল না। তারপরও জিতেছি।”
“তরুণ খেলোয়াড়রা উঠে আসছে। আমার মনে হয় ২০/২৫ জন খেলোয়াড়ের একটা গ্রুপ থাকা উচিৎ। সেটা নির্বাচকরা করছেনও। দলে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এই সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাসই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি,” যোগ করেন বাংলাদেশের বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২২ঘ.
bdnews24