ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকারের ধারাবাহিক ব্যর্থতায় চিন্তিত তার দীর্ঘ দিনের সতীর্থ সৌরভ গাঙ্গুলী। তবে ভারতের অন্যতম সফল অধিনায়কের পূর্ণ আস্থা আছে প্রিয় বন্ধুর ওপরে।
তিনি বলেন, “শচীনের রান পাওয়া ভীষণ প্রয়োজন। জীবনে সে অনেক কিছু অর্জন করেছে। আর তাই সে দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে। কীভাবে দুঃসময়কে পেছনে ফেলতে হবে, তা তার নিজেরই জানা উচিৎ।”
“ওর জায়গায় থাকলে আমি হয়তো অবসরের সিদ্ধান্ত নিতাম। কিন্তু এই মুহূর্তে এটা সম্পূর্ণ তার ওপরে নির্ভর করছে। আমরা শুধু তার মতো একজন অসাধারণ ব্যাটসম্যান যেন খারাপ ফর্ম নিয়ে নয়, মাথা উঁচু করে বিদায় নেয়, তা দেখতে চাই”, যোগ করেন সৌরভ।
ব্যাট হাতে দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া টেন্ডুলকারের মতো ভারতেরও এখন দুরবস্থা। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা এখন চার ম্যাচের টেস্ট সিরিজ হারের শঙ্কায়। স্বাভাবিকভাবেই দলের এই বিপর্যয়ের দায় পড়ছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপরে। ভারতীয় ক্রিকেটাঙ্গনের অনেকে তার অধিনায়কত্ব কেড়ে নেয়ার পক্ষপাতী।
সৌরভ অবশ্য সেই দলে নেই। তিনি বলেন, “আমি বলছি না যে সব ফরম্যাটের দল থেকে ধোনির অধিনায়কত্ব কেড়ে নেয়া হোক। কারণ ভারতীয় দল এখন একটা রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছে আর একটা নতুন দলও তৈরি হচ্ছে।”
“কোন্ দলের অধিনায়কত্ব করতে চায় তা ধোনিকে জিজ্ঞেস করতে হবে। ভারতীর ক্রিকেটের জন্য সে অনেক কিছু করেছে। কিন্তু এখন আমার ভয় হচ্ছে, এভাবে চলতে থাকলে ক্রিকেটার ধোনিকেই না আমরা হারিয়ে ফেলি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২০৫৬ঘ.
bdnews24