ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে প্রচ- চাপের মধ্যে ছিলেন মাহমুদুল্লাহ। ব্যাটিং-বোলিং কোনোটাতেই জ্বলে উঠতে পারছিলেন না। তবে সহ-অধিনায়কের দুর্দান্ত নৈপুণ্যে বাংলাদেশ এখন ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে আত্মহারা।
৫ ম্যাচে ৭৯.৫০ গড়ে ১৫৯ রান করে ও ২২.৮৭ গড়ে ৮ উইকেট নিয়ে দলকে সাকিব আল হাসানের অভাব বলতে গেলে বুঝতেই দেননি মাহমুদুল্লাহ। অথচ সিরিজ শুরু হওয়ার আগেও দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন তিনি।
রোববার সিরিজ জয়ের আনন্দ উপভোগ করতে-করতে মাহমুদুল্লাহ বলেন, “৭ নম্বরে ব্যাট করতে হয় বলে বড় রান করার তেমন সুযোগ পাই না। আমার অবদান অনেকের নজরেও পড়ে না।”
“ঘরোয়া ক্রিকেটে সাধারণত ৫ নম্বরে ব্যাট করি। শেষ ওয়ানডের আগে মুশফিক ৫ নম্বরে খেলার কথা বললে রাজি হয়ে যাই,” পঞ্চম ওয়ানডেতে নাসির হোসেনের পরিবর্তে ৫ নম্বরে ব্যাট করতে নামা প্রসঙ্গে বলেন তিনি।
ভারতের ব্যাটিং-কিংবদন্তি সুনীল গাভাস্কারের মতে, বর্তমানে টেস্ট ক্রিকেটের ৭ নম্বর ব্যাটসম্যানদের মধ্যে মাহমুুদুল্লাহই সেরা। এ প্রসঙ্গে জানতে চাইলে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “কী বলেন, সারা বিশ্বে আমি ৭ নম্বরে সেরা টেস্ট ব্যাটসম্যান! আমি তো এটা জানতামই না।”
অবশ্য যে কোনো জায়গায় খেলতে রাজি বাংলাদেশের সহ-অধিনায়ক। তিনি বলেন, “কোথায় খেলবো তা দলের পরিকল্পনার ওপরে নির্ভর করে। আমি বিশ্বাস করি আমাকে টিম ম্যান হতে হবে। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে আমি রাজি।”
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আব্দুর রাজ্জাক বিদায় নেয়ায় শনিবার জয়ের কাছাকাছি গিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। জয় থেকে মাত্র এক রান দূরে থাকার সময় নাসিরের কাভার ড্রাইভ চার হয়ে গেছে ভেবে পিচের মাঝামাঝি দাঁড়িয়ে উল্লাস শুরু করে দেন ইলিয়াস সানি।
রোববার ঐ ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সানি বলেন, “নাসির এমন ভাবে মেরেছিল যে আমি ভেবেছিলাম চার হয়ে গেছে। পেছনে ঘুরে ওর আনন্দ দেখেও মনে হয়েছিল চার হয়েছে। আর এদিকে আমি রান নিয়েছি ভেবে ও পেছনে ঘুরে স্টাম্প তুলে ফেলে। যদি বুঝতে পারতাম যে চার হয়নি তাহলে অবশ্যই রানটা পুরো করতাম। ইচ্ছা করে তো কেউ এমন করে না। উত্তেজনার কারণে এমন হয়ে গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২৪ঘ.
bdnews24