ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫ বছর পর খুলনার ঘরে জাতীয় ক্রিকেট লিগের শিরোপার আনন্দ। রোববার ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় লিগের তৃতীয় দিনে গত চার বারের চ্যাম্পিয়ন রাজশাহীকে ৩৩ রানে হারানোয় শিরোপা নিশ্চিত হয়ে গেছে তাদের।
রাজশাহী-খুলনা
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে ব্যাট করতে নামা খুলনার দ্বিতীয় ইনিংস থেমে যায় ১৮০ রানে।
প্রথম ইনিংসে ৬ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ১৮৭ রান। নিজামউদ্দিন রিপন (৪/২৪) ও রবিউল ইসলামের (৪/৩৫) মারাত্মক বোলিংয়ে বিনা উইকেটে ১০২ থেকে মাত্র ১৫৩ রানে অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৫২ রান ফরহাদ হোসেনের।
এই জয়ের ফলে খুলনার সংগ্রহ ৪০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকার ঢাকার পয়েন্ট ৩০। চলমান শেষ রাউন্ডে বোনাস পয়েন্ট নিয়ে জিতলেও ৩৮-এর বেশি হবে না ঢাকার।
এর আগে ২০০৭-০৮ ও ২০০২-০৩ মৌসুমে জাতীয় লিগের শিরোপা জিতেছিল খুলনা।
ঢাকা-বরিশাল
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৫ উইকেটে ২৫৫ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা। রকিবুল হাসানের ২৭০ বলে ১৮টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ ১৬০ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে অলআউট হওয়ার আগে ৪৭৪ রান করে তারা।
১২৮ রানে ৪ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার মনির হোসেন।
২১৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দিন শেষে বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ৫৫ রান। ইনিংস হার এড়াতে আরো ১৬৩ রান প্রয়োজন তাদের।
ঢাকার পক্ষে শাহাদাত হোসেন ৩ উইকেট নেন ২৪ রানে।
ঢাকা মেট্রো-সিলেট
রংপুর ক্রিকেট গার্ডেনে ৯ উইকেটে ১৪৮ রান নিয়ে খেলা শুরু করে ১৫৫ রানে শেষ হয়ে যায় সিলেটের প্রথম ইনিংস।
ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসেও স্বস্তিতে নেই সিলেট। দিন শেষে ৮ উইকেটে ২৩৫ রান করেছে তারা। সর্বোচ্চ ৮২ রান রুম্মান আহমেদের। ২ উইকেট হাতে নিয়ে মাত্র ৪৫ রানে এগিয়ে আছে সিলেট।
৪৭ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সেরা বোলার শরীফউল্লাহ।
চট্টগ্রাম-রংপুর
সিলেট স্টেডিয়ামে ২ উইকেটে ২৬০ রান নিয়ে ব্যাট করতে নেমে দিন শেষে রংপুরের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৭ রান। ২৩১ বলে ৯ চার ও এক ছক্কায় ১০৭ রান করা তানভীর হায়দারের অনবদ্য ইনিংস ৫০০-র কাছাকাছি নিয়ে গেছে উত্তরবঙ্গের দলটিকে।
৬ উইকেট নিলেও সেজন্য নূর হোসেনের খরচ ১৪৬ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১২ঘ.
bdnews24