ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্য মাত্র ৪১ রান। অথচ এই রান করতেই ৩ উইকেট নেই। তাতে অবশ্য ইংল্যান্ডের জয়োল্লাস থামানো যায়নি। কলকাতার ইডেন গার্ডেন্সে তৃতীয় টেস্টের শেষ দিনে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে তারা।
২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর এই প্রথম ঘরের মাঠে টানা দুটো টেস্টে হার মানল ভারত।
গত বছর ইংল্যান্ড সফরে চারটি টেস্টেই হেরে যাওয়া ভারতের জন্য এই সিরিজটা ছিল ‘প্রতিশোধের মিশন’। আহমেদাবাদে প্রথম টেস্ট ৯ উইকেটে জিতে চমৎকার সূচনাও করেছিল মহেন্দ্র সিং ধোনির দল।
কিন্তু মুম্বাইয়ে মাত্র সোয়া তিন দিনে ১০ উইকেটের হারের পর কলকাতার ব্যর্থতায় তারা এখন সিরিজ হারের আশঙ্কার সামনে। ১৩ ডিসেম্বর থেকে নাগপুরে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্ট জিততে না পারলে প্রায় ২৮ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হারের লজ্জায় পড়বে ভারত।
স্বাগতিকদের হার নিশ্চিত হয়ে গিয়েছিল শনিবারই। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের লজ্জা দিয়ে রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ৮৩ রানের দারুণ ইনিংস খেললেও ১ উইকেট হাতে নিয়ে মাত্র ৩২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছিল ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শনিবার ভারতের দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে ১০ বলের বেশি খরচ করেনি ইংল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে জেমস অ্যান্ডারসন প্রজ্ঞান ওঝাকে বোল্ড করে দেয়ায় স্বাগতিকরা অলআউট হয়ে যায় ২৪৭ রানে। ৯১ রানে অপরাজিত অশ্বিনকে তাই দ্বিতীয় টেস্ট শতক না পাওয়ার দুঃখ নিয়ে ফিরতে হয়।
প্রথম ইনিংসে ২০৭ রানের লিড নেয়ায় অতিথিদের লক্ষ্য দাঁড়ায় ৪১ রান। অথচ এই রান তাড়া করতে নেমেই বিপদে পড়ে গিয়েছিল তারা।
জহির খান বা ইশান্ত শর্মা নয়, সবার আগে অশ্বিনের হাতে বল তুলে দেন ধোনি। ব্যাটিংয়ের মতো বল হাতেও সফল ভারতের দীর্ঘদেহী অফস্পিনার।
ইনিংসের পঞ্চম বলেই দারুণ ছন্দে থাকা অ্যালিস্টার কুককে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন অশ্বিন। চতুর্থ ওভারে ওঝার বলে জোনাথন ট্রট এলবিডব্লিউ। অশ্বিনের পরের ওভারেই কেভিন পিটারসেন ক্যাচ দেন ধোনির গ্লাভসে। স্কোর ৩ উইকেটে ৮ রান।
এক অসম্ভবের সম্ভাবনায় ইডেন তখন রুদ্ধশ্বাস উত্তেজনায় কাঁপছে। আর ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে ১৪৫ রান তাড়া করতে নেমে ৭২ রানে অলআউটের লজ্জা।
তবে আর কোনো ক্ষতি হয়নি। ইয়ান বেলের অপরাজিত ২৮ রান নিরাপদেই জয়ের বন্দরে পৌঁছে দেয় অতিথিদের।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৩১৬ (টেন্ডুলকার ৭৬, গম্ভীর ৬০, ধোনি ৫২; পানেসার ৪/৯০, অ্যান্ডারসন ৩/৮৯) ও ২৪৭ (অশ্বিন ৯১*, শেবাগ ৪৯; অ্যান্ডারসন ৩/৩৮, ফিন ৩/৪৫)
ইংল্যান্ড : ৫২৩ (কুক ১৯০, ট্রট ৮৭, কম্পটন ৫৭, পিটারসেন ৫৪; ওঝা ৪/১৪২, অশ্বিন ৩/১৮৩) ও ৪১/৩ (কুক ১, কম্পটন ৯*, ট্রট ৩, পিটারসেন ০, বেল ২৮*; অশ্বিন ২/৩১, ওঝা ১/১০)
ম্যাচ সেরা : অ্যালিস্টার কুক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২৩ঘ.
bdnews24