২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উল্লাস, অভিনন্দন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ একথা জানান। বিজয়ের মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ে খেলোয়াড়সহ ক্রিকেট দলের কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। শেষ রান নেওয়ার পর ভিভিআইপি বক্স থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে উল্লাস করেন শেখ হাসিনা। ক্রিকেট দলকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদকে নিয়ে রাত আটটার কিছু আগে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল আহসান পাপন। ১৯ ওভারে খেমার রোচের চতুর্থ বলে চার মারেন মাহমুদুল্লাহ রিয়াদ। এসময় প্রধানমন্ত্রীকে হাত তালি দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। পরের বলে আবার চার হাঁকান মাহমুদুল্লাহ। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে পড়েন। প্রধানমন্ত্রীর আসনের নিচে গ্রান্ড স্ট্যান্ডে বসা উৎফুল্ল দর্শকদের উদ্দেশ্যেও হাত নাড়েন তিনি। মাহমুদুল্লাহ’র একটি শট বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডারের কাছে আটকে যাওয়ায় হতাশা প্রকাশ করতেও দেখা যায় তাকে। আবার, ৪১ ওভারে কেমার রোচের দ্বিতীয় বলে দুই ফিল্ডারের মাঝ দিয়ে চার মারেন সোহাগ গাজী। প্রধানমন্ত্রী উচ্ছ্বাসের হাসি নিয়ে তালি দিতে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২২৩১ ঘ.