ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিনে লিটন কুমারের শতকের সুবাদে চট্টগ্রামের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে আছে রংপুর।
চট্টগ্রাম-রংপুর
সিলেট স্টেডিয়ামে ৭ উইকেটে ৩১৩ রান নিয়ে খেলা শুরু করা চট্টগ্রামের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩৫০ রানে। ৫০ রান করে অপরাজিত থেকে যান সাদিদ হোসেন।
জবাবে দিন শেষে ২ উইকেটে ২৬০ রান করেছে রংপুর। সর্বোচ্চ ১৫৭ রান লিটনের। ২১৬ বলের দারুণ ইনিংসটিতে ২১টি চার। তানভীর হায়দার ৫৮ রানে অপরাজিত।
ঢাকা মেট্রো-সিলেট
রংপুর ক্রিকেট গার্ডেনে ৮ উইকেটে ৩১৮ রান নিয়ে ব্যাট করতে নেমে ৩৪৫ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো।
জবাবে দিন শেষে ৯ উইকেটে ১৪৮ রান করেছে সিলেট। সর্বোচ্চ ৪২ রান অলক কাপালীর।
৪০ রানে ৫ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সেরা বোলার মোহাম্মদ আশরাফুল।
রাজশাহী-খুলনা
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১ উইকেটে ৯০ রান নিয়ে খেলা শুরু করে অলআউট হওয়ার আগে ২২২ রান করে রাজশাহী। সর্বোচ্চ ৬৪ রান মাইশুকুর রহমানের।
খুলনার পক্ষে মুরাদ খান ও রবিউল ইসলাম তিনটি করে উইকেটে নেন।
৬ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে খুলনা। সর্বোচ্চ ৫৯ রান ইমরুল কায়েসের।
৫৮ রানে ৪ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার ফরহাদ রেজা।
ঢাকা-বরিশাল
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৯ উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাট করতে নেমে ২৫৫ রানে অলআউট হয়ে যায় বরিশাল।
জবাবে দিন শেষে ৫ উইকেটে ২৫৫ রান করেছে ঢাকা। সর্বোচ্চ ৮৫ রান রনি তালুকদারের।
বরিশালের পক্ষে কামরুল ইসলাম ২৩ রানে ৩ উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪০ঘ.
bdnews24