ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ টবি রেডফোর্ড মনে করেন, দুজন স্পিনার খেলানোর ওপরে তাদের সাফল্য অনেকখানি নির্ভর করছে ।
বৃহস্পতিবার মিরপুরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন শেষে তিনি বলেন, “আমরা দলের সঠিক সমন্বয় খুঁজে পেয়েছি। মিরপুরে দুজন স্পিনার খেলানো উচিৎ। খুলনায় বাংলাদেশের স্পিনাররা যেমন আমাদের পরীক্ষা নিয়েছে তেমনি এখানে তাদের ব্যাটসম্যানদেরও আমাদের স্পিনের মোকাবিলা করতে হবে।”
ক্যারিবীয়দের নবাগত বাঁহাতি স্পিানর বীরাসামি পারমলের প্রশংসা করে রেডফোর্ড বলেন, “বীরাসামি ভালো বোলার। কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স দলের হয়ে বাংলাদেশ সফরে সে ভালো খেলেছিল। বুধবার অভিষেক ওয়ানডেতে অনেক দর্শকের সামনেও ঘাবড়ে না গিয়ে সে ভালো বল করেছে।”
এবারের বাংলাদেশ সফরে ক্রিস গেইলের ব্যাটে রানের খরা চলছে। তবে দলের সবচেয়ে বড় তারকার ওপরে আস্থা রেখে ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ বলেন, “আমরা সবাই জানি ক্রিস কী করতে পারে। যে কোনো সময় বড় ইনিংস খেলার সামর্থ্য আছে তার।”
“তবে বাংলাদেশে রান করতে হলে অনেক ধৈর্য্য ধরতে হয়। ধৈর্য্য ধরলে তার সুফল যে পাওয়া যায় তা বুধবার মারলন (স্যামুয়েলস) সবাইকে দেখিয়ে দিয়েছে,” যোগ করেন তিনি।
রেডফোর্ডের বিশ্বাস, তৃতীয় ওয়ানডে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ প্রসঙ্গে তিনি বলেন, “গত ম্যাচে আমরা ভালো খেলেছি। বোলাররা, বিশেষ করে স্পিনাররা দারুণ বল করেছে। স্যামুয়েলস অসাধারণ এক ইনিংস খেলেছে। পরের ম্যাচগুলোয় এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অসুবিধা হওয়ার কথা নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৩ঘ.
bdnews24