ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুটি ওয়ানডের জন্য অতিরিক্ত সদস্য হিসেবে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিকে নেয়া হয়েছে বাংলাদেশ দলে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর সেই সিরিজেই দুটি ওয়ানডে খেলেছিলেন সানি।
বাংলাদেশ দলে বিশেষজ্ঞ স্পিনার দুজন - অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও এই সিরিজেই অভিষিক্ত অফস্পিনার সোহাগ গাজী। সানিকে নেয়ায় স্পিন আক্রমণ শক্তিশালী হল আরো।
চোটের কারণে ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে পারছেন না। তাই মাহমুদুল্লাহ ও নাঈম ইসলামকে দিয়ে অন্তত দশ ওভার বল করাতে হচ্ছে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। শুক্রবার চতুর্থ ওয়ানডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৪ঘ.
bdnews24