ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় ওয়ানডেতে হেরে যাওয়ার পেছনে ব্যাটিং-বোলিং দুই বিভাগের ব্যর্থতাকেই দায়ী করলেন বাংলাদেশের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ।
বুধবার ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ২০/২৫ রান কম করেছি। পিচ যথেষ্ট বোলিং সহায়ক। শুরুতে দুই-তিনটি উইকেট নিতে পারলে লড়াই করা সম্ভব ছিল। কিন্তু বোলাররা তা পারেনি।”
বুধবারের ম্যাচে শিশির তেমন প্রভাব না ফেললেও বাকি দুই ম্যাচে এ ব্যাপারে স্বাগতিক দলের সতর্ক থাকার কথা জানিয়ে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৫২ রান করা মাহমুদুল্লাহ বলেন, “টসের ওপর নির্ভর না করে নিজেদের সক্ষমতা বাড়ানোর দিকে মনযোগ দিতে হবে আমাদের। হেরে গেলেও আমরা ভেঙ্গে পড়িনি। পরের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক থাকব আমরা।”
টেস্ট ও প্রথম দুই ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ‘তুরুপের তাস’ সুনীল নারায়ণকে ভালোভাবে সামলালেও এই ম্যাচে তাকে খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। এ ব্যাপারে জানতে চাইলে মাহমুদুল্লাহ বলেন, “টেস্টে নারায়ণ তার সেরা অস্ত্র তেমন ব্যবহার করেনি। ওয়ানডেতে শুরু থেকেই করছে আর সাফল্যও পাচ্ছে। তাছাড়া পিচ থেকেও সহায়তা পাওয়ায় আজ তাকে খেলতে সমস্যা হয়েছে।”
“পরের ম্যাচগুলোর জন্য তার ভিডিও দেখে আমরা প্রস্তুতি নেব। আশা করি তার বল আমরা ভালোভাবে খেলতে পারব,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১০৩ঘ.
bdnews24