ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টি। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ইডেনের কিউরেটর প্রবীর মুখার্জীর কথার লড়াইয়ের কারণে এই ম্যাচকে ঘিরে অন্য রকম উত্তেজনার আবহ।
“প্রথম দিন থেকেই পিচে টার্ন থাকতে হবে” ধোনির এমন দাবিকে ‘অনৈতিক’ বলে মনে করেন প্রবীর মুখার্জী। এ প্রসঙ্গে তিনি বলেন, “তিনি (ধোনি) আমার কাছে আকাশের চাঁদ চাইলে তো আমি তাকে তা দিতে পারবো না। আমার মতে পিচ বিকৃত করা একটা অপরাধ এবং মুম্বাইয়ের পিচের মতো এখানেও তা দাবি করা অন্যায্য।”
ধোনি ও প্রবীর মুখার্জীর কথার লড়াইকে এক পাশে সরিয়ে রেখে সামনের দিকে তাকালে কঠিন পরীক্ষার আশঙ্কায় পড়বে স্বাগতিকরা। মুম্বাইয়ে মাত্র সোয়া তিন দিনে ১০ উইকেটের হার তাদের চারটি টেস্টেই জয়ের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে নির্মমভাবে। গত বছর ইংল্যান্ড সফরে ৪-০ ব্যবধানে পর্যুদস্ত হওয়ার প্রতিশোধের কথা ভুলেই মাঠে নামতে হবে ভারতকে।
ইডেনে জিতে সব বিতর্ক পেছনে ফেলতে সবার আগে গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের ব্যাটের দিকে তাকিয়ে ধোনি।
তিনি বলেন, “আমাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি। একই ইনিংসে ওরা দুজনই রান করতে পারলে আমাদের জন্য তা হবে বিশাল প্রাপ্তি।”
মুম্বাইয়ে সহজেই জিতে সিরিজে সমতায় নিয়ে এসে ইংল্যান্ড দল এখন অনেকখানি নির্ভার। পেসার স্টিভেন ফিন ও ব্যাটসম্যান ইয়ান বেল চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠায় অতিথিরা দারুণ অনুপ্রাণিতও।
ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার অবশ্য এখনই আত্মপ্রসাদে ভুগতে রাজি নন। তিনি বলেন, “(মুম্বাই টেস্টে) ব্যাটসম্যানরা যে দক্ষতা দেখিয়েছে এবং পুরো দলই যেমন খেলেছে তা সত্যিই দুর্দান্ত। তবে ভারতে আমরা একটি টেস্ট জিতেছি বলেই মনে করা যাবে না যে প্রত্যেকে তাদের চ্যালেঞ্জ জয় করে ফেলেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২২০৯ঘ.
bdnews24