ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে রাজশাহী ১০ উইকেটে সিলেটকে, চট্টগ্রাম ৮ উইকেটে বরিশালকে ও ঢাকা ৫ উইকেটে খুলনাকে হারিয়েছে।
রাজশাহী-সিলেট
মঙ্গলবার শেষ দিনে বিকেএসপিতে ৮ উইকেটে ১৮৮ রান নিয়ে ব্যাট করতে নেমে ২০২ রানে শেষ হয়ে যায় সিলেটের দ্বিতীয় ইনিংস।
প্রথম ইনিংসে ১৭২ রানে এগিয়ে থাকায় জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩১ রান। ৫ ওভার ৪ বলে বিনা উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় গত চার বারের চ্যাম্পিয়নরা। প্রথম ইনিংসে শতক করা সাব্বির রহমান অপরাজিত থাকেন ২৫ রানে।
চট্টগ্রাম-বরিশাল
সিলেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৯৭ রান নিয়ে ব্যাট করতে নেমে নূর হোসেনের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১৬৩ রানে অলআউট হয়ে যায় বরিশাল। সর্বোচ্চ ৫০ রান ফজলে রাব্বির।
২৯ রানে ৫ উইকেট নেন নূর হোসেন।
প্রথম ইনিংসে ৯২ রানে এগিয়ে থাকায় জয়ের জন্য চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ৭২। ইরফান শুকুরের ৩৬ রানের সুবাদে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
খুলনা-ঢাকা
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৩ উইকেটে ১২১ রান নিয়ে ব্যাট করতে নামা ঢাকার শেষ দিনে জয়ের জন্য আরো ৯০ রান প্রয়োজন ছিল। মঙ্গলবার আর দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৫৩ রানে অপরাজিত থাকেন নাদীফ চৌধুরী।
৭৩ রানে ৪ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার রবিউল ইসলাম।
হেরে গেলেও ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা। ৩০ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনে ঢাকা। ২৬ পয়েন্ট নিয়ে রাজশাহী তৃতীয় এবং ২২ পয়েন্ট নিয়ে সিলেট চতুর্থ স্থানে আছে।
ঢাকা মেট্রোর ২১, চট্টগ্রামের ১৯, রংপুরের ১০ এবং বরিশালের ৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১২ঘ.
bdnews24