ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবনের দ্বিতীয় ওয়ানডেতেই শতক করতে পেরে দারুণ খুশি আনামুল হক। তবে আনন্দে ভেসে না গিয়ে জয়কে অভ্যাসে পরিণত করার ওপরে বেশি জোর দিতে আগ্রহী বাংলাদেশ দলের অন্যতম নবীন সদস্য।
রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনামুল বলেন, “সিরিজ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আমরা যদি খুলনার মতো মিরপুরেও নিজেদের সেরাটা দিতে পারি তাহলে সিরিজ জিততে সমস্যা হবে না।”
“আজ (রোববার) সকালেও আমাদের স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক বলছিলেন, যে কোনো কিছুই অভ্যাসে পরিণত হওয়া সম্ভব। আমরা নিয়মিত জিততে থাকলে এটা আমাদের অভ্যাসে পরিণত হবে,” যোগ করেন তিনি।
নিজের শতক সম্পর্কে আনামুল বলেন, “প্রথম ম্যাচে ৪১ রান করে আউট হয়ে যাওয়ায় দ্বিতীয় ম্যাচে বড় ইনিংস খেলার সংকল্প ছিল। আন্তর্জাতিক শতক বলে আনন্দটা একটু বেশিই। তবে এ বছর আমার আরো ৯টি শতক আছে।”
“অবশ্য ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শতক পাওয়া অনেক, অনেক কঠিন। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বেশি অভিজ্ঞ বোলারদের বিপক্ষে খেলতে হয়। খারাপ বলও তাই বেশি পাওয়া যায় না। তাছাড়া দেশের হয়ে খেলার চাপ তো থাকেই,” যোগ করেন ম্যাচ সেরা নির্বাচিত এই উদ্বোধনী ব্যাটসম্যান।
গতবারের জাতীয় লিগে তিনটি, এবারের লিগে দুটি, প্রিমিয়ার লিগে দুটি এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে দুটি শতক করেছিলেন আনামুল। এবার শতক পেলেন ওয়ানডেতেও।
তিন অঙ্ক স্পর্শ করার চাপ সম্পর্কে তিনি বলেন, “শতক করা এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। ৯০ থেকে ১০০তে পৌঁছানোর সময়ও তেমন ¯œায়ুর চাপে ভুগি না।” যদিও রোববার ৯০ থেকে শতকে পৌঁছাতে ২৩টি বল খেলতে হয়েছে আনামুলকে।
অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে তার ১৭৪ রানের জুটি বাংলাদেশের রেকর্ড গড়া জয়ের ভিত্তি। এই জুটি সম্পর্কে আনামুল বলেন, “আমার সঙ্গে মুশফিক ভাই ছিলেন বলে তাড়াহুড়ার কোনো প্রয়োজন পড়েনি। কিছুক্ষণ পরপরই খারাপ বল পাচ্ছিলাম। রানও পাচ্ছিলাম। তাই অহেতুক ঝুঁকি নিতে চাইনি।”
“অর্ধশতকে পৌঁছানোর পর বড় ইনিংস খেলার কথা বলেন মুশফিক ভাই। আমাদের লক্ষ্য ছিল ৪৫ ওভার পর্যন্ত স্বাভাবিক ব্যাটিং করা। এরপর ওদের ওপর চড়াও হওয়া,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএম/এএআর/১৯১৮ঘ.
bdnews24