ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না সাকিব আল হাসান। জঙ্ঘাস্থির চোটের কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওয়ানডের সেরা অলরাউন্ডারকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, “প্রাথমিকভাবে তার (সাকিব) ডান জঙ্ঘাস্থি পরীক্ষা করানো হয়েছিল। নিশ্চিত হওয়ার জন্য আরেকটি পরীক্ষার প্রয়োজন পড়ে। সেই পরীক্ষার পর চোটের গুরুত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।”
“তাকে দৌড়াতে এবং লাফাতে নিষেধ করা হয়েছে। আশা করি চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন,” যোগ করেন তিনি।
চোট কাটিয়ে ওঠার পর সাকিবের পুনর্বাসনের কাজ শুরু হবে। এ প্রসঙ্গে বিসিবির ক্রীড়া চিকিৎসক বলেন, “ব্যথা কমলেই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। ব্যথা নিয়ে খেললে তার হাড়ে চিড় ধরার আশঙ্কা থাকবে।”
আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে। তারপরে যাবে জিম্বাবুয়েতে। শ্রীলঙ্কা সফরের আগেই সাকিবের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী ডা. দেবাশীষ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৪ঘ.
bdnews24